২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিস রউফের করা ১৯তম ওভারের শেষ দুই বলে সপাটে দুই ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। প্রায় হারতে যাওয়া ম্যাচটায় ভারতকে জয়ের পথ দেখিয়েছিল ওই দুই ছক্কাই। পরে এক টিভি অনুষ্ঠানে হারিস রউফ জানিয়েছিলেন, চাইলেই আর ওরকম শট মেরে তাঁকে ছক্কা মারতে পারবেন না কোহলি। কারণ, ওই শট, ওই টাইমিং, অমন বল আর কখনও পাবেন না ছক্কা মারার জন্য। জানিয়েছিলেন, ঐ দুই ছক্কা খেয়ে বেশ কষ্ট পেয়েছিলেন তিনি!
গতকালও কোহলি ছিলেন ক্রিজে। হারিস রউফের কথা সত্যি করে কোহলি এবার কোনো ছক্কা মারেননি ঠিকই, কিন্তু এবার রউফকে চুপ করে দিয়েছে রোহিতের দুটি দাপুটে ছক্কা। ওই দুই ছক্কায় নিজের প্রথম ওভারে ১৪ রান দেন ডানহাতি এই গতিতারকা। একইসঙ্গে ম্যাচ জেতার জন্য সামান্য যা একটু মনোবল জুটিয়েছিল পাকিস্তান, সেখানেই গুঁড়িয়ে যায় হয়তো! ‘এফোর্টলেস শট’ বলে যদি কোনো জিনিস থেকে থাকে, রউফের বলে রোহিতের এই দুই ছক্কাই সেটার প্রমাণ দেবে বছরের পর বছর।
প্রথম ওভারের ওই পিটুনি ভুলে আর পাকিস্তানকে ম্যাচে ফেরাতে পারেননি হারিস রউফ। এমনিতেই নাসিম শাহ নেই। হাসান আলিরও সামর্থ্য বিশ্বমানের নয়। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তাই আরেকটু বেশি দায়িত্ব নিয়ে রউফকেই বোলিং আক্রমণ সামলাতে হতো। সে কাজে ব্যর্থ হয়েছেন বাজেভাবে। ৬ ওভারে ৪৩ রান দিয়েছেন, একটাও উইকেট পাননি।
এবার রোহিতের শট নিয়ে রউফ কি বলেন, সেটাই শোনার অপেক্ষা। এবারের কষ্ট ঘুচবে তো?