প্রশ্ন শেন বন্ডের

সাকিবের এতই দরকার হলে কোচকে কেন ভারতে নিয়ে গেল না

আর কিছুক্ষণ পর নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নামবে বাংলাদেশ। কাগজে-কলমে এখনো বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে, সে পথে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া আজ দুই দিক থেকেই বাংলাদেশ দলের জন্য 'অবশ্যকরণীয় দায়িত্ব' হয়ে গেছে। এক, জয় পেলে সেমিফাইনালের কাগুজে সম্ভাবনা টিকে থাকবে। দুই, হেরে গেলে চারিদিকে সমালোচনার তির আরও ধারালো হবে। 

সমালোচনা যে ম্যাচের আগেও কম হচ্ছে না, এবং সে সমালোচনার মূল ভাগে অধিনায়ক সাকিব আল হাসান। দেশের ক্রিকেটসমাজ তো সাকিবকে নিয়ে সব সময়ই দ্বিধাবিভক্ত। বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালের বাদ পড়ায় সাকিবের ভূমিকা নিয়ে গুঞ্জন, বিশ্বকাপে এ পর্যন্ত দলের পারফরম্যান্স সমালোচনা আরও উসকে দিয়েছে। নতুন ইস্যু হিসেবে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে আগের ম্যাচে হারের পর সাকিবের দেশে ফিরে শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে অনুশীলন। 

এখন দেখা যাচ্ছে, এ ইস্যুতে দেশের মানুষের পাশাপাশি বিদেশিদেরও সমালোচনা শুনতে হচ্ছে সাকিবকে। নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড গতকাল ক্রিকইনফোতে ম্যাচ প্রিভিউয়ে সাকিবের দেশে ফেরার সমালোচনা করেছেন।  

এভাবে বিশ্বকাপের মাঝপথে সাকিবের দেশে ফেরা ভালো কোনো উদাহরণ তৈরি করেনি বলেই মনে হচ্ছে বন্ডের, 'খুব একটা ভালো কিছু হলো না। মাঠের বাইরে দলকে নেতৃত্ব দেওয়ার কথা যদি বলি, তাহলে বলতে হয়, কোনো ভালো উদাহরণ তৈরি হলো না। দল ওখানে অনুশীলন করছে, দল কীভাবে টুর্নামেন্টে টিকে থাকবে এ নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে দলকে ছেড়ে যাওয়ার কোনো অর্থ হয় না। আপনি নিশ্চয়ই দলের ১৫ জনের সবাইকে এ সময়ে দেশে যেতে দিতেন না!'

অবশ্য সাকিবের পক্ষে বাংলাদেশ দলের পক্ষ থেকে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা আবার শেন বন্ডের কথার সঙ্গে মেলে না। বন্ড যদিও দলের অনুশীলনের মাঝে সাকিবের দেশে যাওয়ার কথা বলছেন, বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিব ঢাকায় থাকার সময়ে দলের কোনো অনুশীলন ছিল না। আনুষ্ঠানিক অনুশীলন গতকাল শুরু হয়েছে, সাকিব ঢাকা ছেড়ে গত পরশু সন্ধ্যায়ই ম্যাচের ভেন্যু কলকাতায় ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। 

তবে শেন বন্ডের চোখে, সাকিব নিজে এভাবে বিশ্বকাপের মধ্যে দেশে না ফিরে অনুশীলনের বিকল্প একটা ব্যবস্থা করতে পারতেন। সেটা কী? 'এতই দরকার হলে আপনার কোচকে কেন এখানে (ভারতে) নিয়ে এলেন না!' - প্রশ্ন বন্ডের।