বিশ্বকাপে আরও দুবার সুযোগ পেয়েছিলেন। কিন্ত বিরাট কোহলি পারছিলেন না। অপেক্ষাটা ফুরোল তাঁর ৩৫তম জন্মদিনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন উইকেটে পরিস্থিতি মেনে নেওয়া এক ইনিংসে টেন্ডুলকারের পাশে বসলেন বিরাট কোহলি। ২৭৭তম ইনিংসে তাঁর ৪৯তম ওয়ানডে সেঞ্চুরিতে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ৩২৬ রান তুলেছে।
এই বিশ্বকাপে আগের দুই ইনিংসে যা করেছিলেন, তাতে মনে হচ্ছিল, আজও বোধহয় নিজের সেঞ্চুরির চিন্তা মাথায় ঢুকে গেছে বিরাট কোহলির। ৩৩ ওভারেই ২০০ পেয়ে গেছে ভারত, সাড়ে তিন শ হবে বলে মনে হচ্ছিল। কিন্তু যখন বাউন্ডারি মারার কথা, রান করতেই ভুলে গেলেন কোহলি। দলের কথা না ভেবে নিজের চিন্তায় ব্যস্থ কোহলি?
সামাজিক যোগাযোগমাধ্যম, ক্রিকইনফোর কমেন্ট বক্স-সবখানেই এক আলোচনা। শ্রেয়াস আইয়ার আউট হওয়ার পর তো সবাই কোহলিরই দোষ দিচ্ছিলেন। কোহলির টুকটুকের কারণে চাপে পড়েই আউট হয়েছেন আইয়ার।
কিন্তু একটু পরই বোঝা গেছে, উইকেটের চরিত্র বদলে গেছে, বল থেমে আসছে। রান তোলা এতটাই কঠিন হয়ে উঠেছিল যে, তিন শ রান হবে কি না- সে আলোচনা হচ্ছিল। তাবরেজ শামিসির বলে যেভাবে ভুগছিলেন, তাতে কোহলির সেঞ্চুরি হবে কিনা, সে আলোচনাও চলছিল।
কোহলি তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দ্রুত রান তোলার চেষ্টা না করে শুধু স্ট্রাইক বদলানোতেই মন দিয়েছেন। অন্য দিকে সেটা করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরেছেন লোকেশ রাহুল। তবে সূর্যকুমার যাদব (২২) ও রবীন্দ্র জাদেজার (২৯) দুটি ক্যামিও ভারতকে তিন শ পার করে দিয়েছে।
৪৯তম ওভারে ১১৯ বলে নিজের ৪৯তম ইনিংসে সেঞ্চুরি করে টেন্ডুলকারের পাশে বসেছেন কোহলি। কিংবদন্তির চেয়ে ১৭৪ কম ইনিংসে।
ভারত অবশ্য এর আগের ওভারেই তিন শ পেরিয়ে গেছে। জাদেজার ১৫ বলের ক্যামিও স্টা দক্ষিন আফ্রিকার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে।
এর আগে দিনের শুরুতেই ইনিংসের গতি ঠিক করে দিয়েছেন রোহিত শর্মা। ৬ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৪০ রান করে রোহিত যখন ফিরছেন, ইনিংসের তখনো ৬ ওভার শেষ হয়নি। তবে ভারতের রান তখনই ৬২। ১১তম ওভারে শুবমান গিল কেহসব মহারাজের অসাধারণ এক বলে বোল্ড হয়েছেন। এতটাই দুর্দান্ত সে বল যে আম্পায়াররাও বুঝতে পারেননি বোল্ড হয়েছেন নাকি স্টাম্পড, টিভি আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছে।
এরপর কোহলি ও আইয়ার ইনিংসের হাল ধরেছেন। দুজনের জুটিতে ১৩৪ রান এলেও গতিটা ছিল ধীর। বিশেষ করে কোহলি এই সময় ৬৭ স্ট্রাইকরেটে রান করছিলেন। ১৫৮ বলের জুটিটা ভাঙে আইয়ারের (৭৭) আগ্রাসী হওয়ার চেষ্টায়।