টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার পথটা অতটা সুগম ছিল না অবশ্য। গ্রুপপর্বের প্রথমেই ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া অস্ট্রেলিয়া আদৌ স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের ‘লেগ্যাসি’ ধরে রাখতে পারে কি না – প্রশ্ন উঠে গিয়েছিল। পরের আট ম্যাচে সমালোচনাকারীদের সে প্রশ্ন করার সুযোগ দেয়নি প্যাট কামিন্সের দল। ফলাফল? ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি সেই চিরচেনা – অস্ট্রেলিয়া।
ম্যাচের আগে যথারীতি সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রীড়া বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী করা শুরু হয়ে গিয়েছে। কারওর চোখে অস্ট্রেলিয়া ফেবারিট, আবার কারওর মনে হচ্ছে ঘরের মাটিতে এই দুর্দমনীয় ভারতকে আটকানোর সাধ্যি নেই অস্ট্রেলিয়ার। স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় দলেই। ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারের মনে হচ্ছে, অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারাবে ভারত। শুধু তাই নয়, তাঁর কাছে মনে হচ্ছে এই দুই দল যদি ১০০ বার মুখোমুখি হয়, ৯৫ বারই জিতবে ভারত!
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে লেখা এক কলামে নিজের মতামত জানিয়েছেন ব্রড। তাঁর কাছে ভারতের এই দলটাকে অপরাজেয় বলেই মনে হচ্ছে, ফুটবলের ব্রাজিলের মতো, ‘নিজেদের কন্ডিশনে ভারত এতটাই শক্তিশালী, আমার মনে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল ১০০ বার আয়োজিত হলে ভারত এর মধ্যে ৯৫ বারই জিতবে। তারা এতটাই ভালো। ওদের দলটার দিকে তাকান। প্রথম ছয়টা পজিশনে যারা ব্যাট করে প্রত্যেকে সেঞ্চুরি করে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। বোলারদের প্রত্যেকে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে। বিশ্বে ওরাই একমাত্র দল যারা ব্যাটিং ও বোলিং দুই দিকেই এমন শক্তি দেখাতে পারে। ওদের বিশ্বকাপ জেতার ব্যাপারটা অনেকটা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ জেতার মতো হবে – জাদুকরি!’