দুই দিন নয়, ভারতের টেস্ট দেড় দিনেই শেষ হতে চলেছে

অবিশ্বাস্য এক প্রথম দিন শেষে আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেছিলেন, কেপটাউন টেস্ট দুই দিনে শেষ হবে। সাবেক ভারতীয় ওপেনারের কথা সত্যি হচ্ছে, এই টেস্ট তৃতীয় দিনে গড়াচ্ছে না। তবে পুরো দুই দিনও খেলতে হচ্ছে না, দেড় দিনেই শেষ হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। জিততে মাত্র ৭৯ রান দরকার ভারতের।

৩ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করেছিল প্রোটিয়ারা। প্রথম ইনিংসের ঘাটতি তখনো ৩৬ রান। দিনের প্রথম ওভারেই চার মারলেন ডেভিড বেডিংহাম, সে ওভারেই আউট তিনি। প্রথম ইনিংসের ঘাটতি পেরোনোর আগেই আরেক উইকেট নেই দক্ষিণ আফ্রিকার। 

লিড ১৩ হতে হতে ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক। দল চারজনই যশপ্রীত বুমরার শিকার। প্রথম ইনিংসে কাঁপিয়ে দেওয়া সিরজা তখনো উইকেটের দেখা পাননি। 
এক প্রান্তে একা লড়ছিলেন এইডান মার্করাম। ৭৩ রানে থাকা মার্করামও ক্যাচ দিয়েছিলেন বুমরার বলে। কিন্তু লোকেশ রাহুল সে ক্যাচ ফেলে দেন। দক্ষিণ আফ্রিকার রান তখন মাত্র ১২৮, লিড ৩০। জীবন পেয়েই আগ্রাসনের তীব্রতা বাড়িয়ে দেন মার্করাম।

প্রসিধ কৃষ্ণের পরের ওভারে দুই চার ও দুই ছক্কায় ২০ রান তোলেন। বুমরাকে টানা দুই চার মেরে ৯৯ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। প্রান্ত বদল করে সিরাজকে আনেন রোহিত শর্মা। তৃতীয় বলেই তাকে চার মেরে  অভ্যর্থনা জানান মার্করাম। কিন্তু পরের বলে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন। ১০৩ বলে ১৭ চার ও ২ ছক্কার ১০৬ রানের অবিশ্বাস্য এক ইনিংস থামে। ক্যাচ ধরে রোহিতের আগ্রাসী উদ্‌যাপন আম্পায়ারের আবার পছন্দ হয়নি। 

১৬২ রানে অষ্টম উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা তিন বল পরই নবম উইকেট হারায়। স্কোরে কোনো বদল আসেনি তখনো। পেসারদের স্বর্গে ম্যাচে প্রথম উইকেট পান কৃষ্ণ। বুমরার ষষ্ঠ শিকারে পরিণত হওয়ার আগে লুঙ্গি এনগিডি শেষ উইকেট জুটিতে বার্গারের সঙ্গে ১৪ রান এনে দিয়েছেন। 

দিনের ২০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৬১ রানে ৬ উইকেট পেয়েছেন বুমরা। ওদিকে মার্করামের ১০৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান তাঁর ওপেনিং সঙ্গী ডিন এলগারের!

৭৯ রান নিতে ভারত এখন কত সময় লাগায়, সেটাই দেখার।