চোটের কারণে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে ছিলেন কেইন উইলিয়ামসন। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের মাঝপথে ফিরেছেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে একবার চোট পাওয়া আবার মাঠের বাইরে পাঠিয়ে দিলেও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে আবার ফিরেছেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ১৩ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টিতে ফিরেছিলেন কিউই ব্যাটসম্যান। অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৭ রানের (৪২ বল) ইনিংসে প্রত্যাবর্তন রাঙিয়েছিলেন তিনি। পরের ম্যাচেই ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে কিউই অধিনায়কের দিক থেকে।
আজ রোববার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের মাঝপথে আবারও চোটে পড়েছেন উইলিয়ামসন। হ্যামস্ট্রিংয়ের চোটে নিউজিল্যান্ড ইনিংসের দশম ওভার শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের বাকি অংশের অধিনায়কত্ব করেছেন টিম সাউদি।
হ্যামিল্টনে টস জিতে প্রথমে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের ষষ্ঠ ওভারের প্রথম বলে ওপেনার ডেভন কনওয়ে (১৫ বলে ২০ রান) আউট হলে মাঠে নামেন উইলিয়ামসন। আগের ম্যাচের ফর্ম টেনে এনে এ ম্যাচেও স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন। আরেক ওপেনার ফিন অ্যালেনকে নিয়ে বড় জুটির (২৯ বলে ৫২ রান) পথেই ছিলেন কিউই অধিনায়ক।
কিন্তু বিপত্তি বাধে ম্যাচের দশম ওভারে। সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে তীব্র ব্যথা অনুভব করেন উইলিয়ামসন। এমন অবস্থাতেই আমের জামালের ওই ওভারের বাকিটা খেলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হার মানেন ব্যথার কাছে। পরের ওভার শুরুর আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তার আগে ১৫ বলে ৩ চার ও ১ ছয়ে ২৬ রান করেন তিনি।
উইকেট থেকে উঠে যাওয়ার পর উইলিয়ামসনকে ডান পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরে রাখতে গেছে। এসময় তিনি ফিজিওর সঙ্গে দেখা করেন। সতর্কতা হিসেবে ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামেননি তিনি।
সাম্প্রতিক সময়ে চোট যেন নিয়মিত সঙ্গীতে পরিণত হয়েছে উইলিয়ামসনের। গত বছরে আইপিএলের ২০২৩ মৌসুমের প্রথম ম্যাচে চোটে পড়েন উইলিয়ামসন। ছয় মাস মাঠের বাইরে পুনর্বাসনে থেকে ওয়ানডে বিশ্বকাপে ফিরলেও পুরো টুর্নামেন্ট খেলার সৌভাগ্য হয়নি কিউই অধিনায়কের।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আবারও আঙুলের চোটে পড়েন তিনি। পাকিস্তানের বিপক্ষে ফেরার আগের চারটি ম্যাচ মিস করেন তিনি।