ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় শুবমান গিলকে নিয়ে। শুধু মাঠের খেলার জন্য নয়, ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ডে নেটিজেনদের চর্চায় সবসময় সবার ওপরে থাকেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে গিলের। যা নিয়ে নেট দুনিয়ায় আগ্রহের কমতি নেই।
কিন্তু দুজনের কেউই এ সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে মুখ খোলেননি। কিন্তু বিভিন্ন পার্টিতে একসঙ্গে দুজনে ধরা পড়েছেন পাপারাজ্জির ক্যামেরায়। এছাড়া ভারতের ম্যাচে স্টেডিয়ামে সারার নিয়মিত উপস্থিতি, গিলের সাফল্য-ব্যর্থতার সঙ্গে মিল রেখে গ্যালারীতে তাঁর উদযাপন সে গুঞ্জনকে উসকে দেয়। এবার পাপারাজ্জির ক্যামেরায় ‘হবু’ ননদের সঙ্গে ধরা পড়েছেন টেন্ডুলকার কন্যা।
রোববার ভোরে শুভমনের বোন শাহিন গিলের সঙ্গে একই গাড়িতে দেখা গেছে সারাকে। লেট নাইট ড্রাইভ থেকে ফিরছিলেন দুজন। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েন। মূলত গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে এ ছবি। সারার সঙ্গে গিলের পরিবারের সম্পৃক্ততা ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সঙ্গেও প্রেমের গুজব উঠেছিল গিলের। দুজনকে একসঙ্গে মুম্বাইয়ের রেস্তোরাঁতেও দেখা গিয়েছিল। সম্প্রতি ভারতীয় টিভি অনুষ্ঠান কফি উইথ কারানের অষ্টম মৌসুমের একটি পর্বে গিয়ে সারা আলী খান জানিয়েছেন, তিনি গিলের সঙ্গে ডেট করছেন না। দুজনের নামের একটি অংশ একই হওয়ায় অনেকে বিষয়টি গুলিয়ে ফেলেন। বলিউড অভিনেত্রী সে অনুষ্ঠানে স্পষ্ট করে বলেন, গিলের সঙ্গে রোমান্টিক সম্পর্ক থাকতে পারে অন্য সারার।
শুভমনের সঙ্গে প্রেমের গুজবে সারা আলি খান সে অনুষ্ঠানে বলেছেন, ‘আপনারা হয়ত সারা নামটি গুলিয়ে ফেলেছেন। পুরো দুনিয়া ভুল সারার পেছনে পড়ে আছে।’
এরপরই টেন্ডুলকার তনয়ার সঙ্গে শুভমনকে জড়িয়ে চর্চা বাড়তে থাকে। বলিউড অভিনেত্রীর এ মন্তব্যের পরই সারা টেন্ডুলকারের সঙ্গে শুভমনের বোনের লেট নাইট ড্রাইভের ফটো সামনে চলে আসে।
এর আগে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সারার সঙ্গে ডেটিং করছেন কি না, এমন প্রশ্নের জবাবে শুভমন বলেছিলেন, হতে পারে। তবে উপস্থাপক শুধু সারা উল্লেখ করেছিলেন, তাই খান পরিবারের নাকি টেন্ডুলকারের মেয়ে সারা, সেটি সেখানে নিশ্চিত হওয়া যায়নি।