বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তিনিই ৩ হাজার রানের ক্লাবে ঢোকা প্রথম ব্যাটসম্যান। সেই তামিম ইকবাল আজ নাম লিখিয়েছেন নতুন আরেক রেকর্ডে। তামিমের জন্য গর্বের রেকর্ডই বটে। টি-টোয়েন্টিতে যাঁর ব্যাটিং নিয়ে সমালোচনার শেষ নেই, সেই তামিম আজ বিপিএলে ছক্কার সেঞ্চুরি করেছেন!
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম টুর্নামেন্টের শুরুর দিকে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রান করে আউট হয়েছিলেন। সে ম্যাচে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে তিন হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। আজ হলো ছক্কার রেকর্ড।
আজ টুর্নামেন্টের ৩১তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন বরিশাল অধিনায়ক, এবারের বিপিএলে তাঁর প্রথম ফিফটি এটি। সে পথে ৭ চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকিয়েছেন তামিম। এতেই রেকর্ড বইয়ে উঠেছে তামিমের নাম। বিপিএলে ১০০ ছক্কা মারার এলিট ক্লাবে প্রথম বাংলাদেশি ৩৪ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।
নামের পাশে ৯৩ ছক্কা নিয়ে এবারের বিপিএল শুরু করেছিলেন তামিম। কিন্তু আগের আট ম্যাচে বল উড়িয়ে সীমানাছাড়া করতে পেরেছেন মাত্র ৬ বার। তাই ছক্কার সেঞ্চুরির দেখা পেতে ঢাকার বিপক্ষে তামিমের প্রয়োজন ছিল মাত্র ১টি ছক্কা।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনিংসের পঞ্চম ওভারে আরাফাত সানির তৃতীয় ডেলিভারিতে স্লগ সুইপে ছক্কা মারেন তামিম। আর এতেই ঢুকে যান ১০০ ছয় মারার এলিট ক্লাবে।
তামিমের আগে বিপিএলে ১০০ ছয় মারার রেকর্ড আছে কেবল ক্রিস গেইলের। বিপিএলে ৫২ ম্যাচ খেলা ক্যারিবীয় কিংবদন্তির নামের পাশে মোট ছক্কা ১৪৩টি। অন্যদিকে সেঞ্চুরির দেখা পেতে তামিমের লেগেছে ৯৭ ইনিংস।
আজকের ম্যাচের ৪টিসহ তামিমের নামের পাশে এখন ৯৮ ম্যাচে ১০৩টি ছক্কা। তবে বিপিএলে ছক্কার সেঞ্চুরি হাঁকানো প্রথম বাংলাদেশি হয়ে গেলেও তালিকার শীর্ষে থাকার ব্যাপারে খুব বেশি স্বস্তিতে থাকতে পারবেন না তিনি। কেননা, বিপিএলে ৯৭টি করে ছক্কা মেরে তামিমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। ৯৫ ছক্কা নিয়ে এ তালিকার পরের অবস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮৬ ছক্কা এনামুল হক বিজয়ের, সাকিব আল হাসানের ছক্কা ৮৫টি।