ভারতের অধিনায়ক ঠিক করে বিশ্বকাপ জয়ের নিশ্চয়তাও দিলেন বিসিসিআই সচিব!

প্রশ্নটা কয়েকদিন ধরেই ঘুরছিল ভারতের ক্রিকেটাঙ্গনে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কে? অবশ্য কয়েকমাস আগেও এমন প্রশ্ন তোলার সুযোগ ছিল না। কিন্তু সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হার রোহিতের নেতৃত্ব নিয়ে শঙ্কায় ফেলে দেয়।

এই শঙ্কা আরও বাড়িয়ে দেয় মু্ম্বাই ইন্ডিয়ানস। রোহিতের ওপর থেকে নেতৃত্বের ভার কেড়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমন নয় যে রোহিত শর্মা মুম্বাই ছেড়েছেন। কিন্তু যাঁর অধীনে এতগুলো সাফল্য পেয়েছে দলটি, সেই রোহিত দলে থাকতেও হার্দিক পান্ডিয়ার কাঁধে নেতৃত্বের ভার তুলে দিয়েছে মুম্বাই। তখন থেকেই বাতাসে গুঞ্জন, আগামী জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেলতে পারে পান্ডিয়ার অধীনে।

কিন্তু সেই গুঞ্জনে আজ জল ঢেলে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। আজ বুধবার রাজকোটে বিসিসিআইয়ের এক সভায় জয় শাহ নিশ্চিত করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার অধীনেই অংশ নেবে ভারত।

জয় শাহ বলেছেন, ‘আমি ২০২৩ বিশ্বকাপ নিয়ে মন্তব্য করতে চাই না। আহমেদাবাদে যে ফাইনালে আমরা হেরেছিলাম, সেই ২০২৩ বিশ্বকাপ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, আগামী ৩০ জুন বার্বাডোজের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার অধীনে শিরোপা জিতবে ভারত।’