গতকাল একটি টিভি চ্যানেল তাদের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে। সে ভিডিওতে দাবি করা হয়েছে তামিম ইকবালের একটি ফোনালাপ ফাঁস হয়েছে এবং সেটা তারা হাতে পেয়েছে।
সে ফোনালাপে তামিম তাঁর ফরচুন বরিশাল-সতীর্থ মেহেদি হাসান মিরাজের সঙ্গে কথা বলতে দেখা গেছে। সর্বশেষ বিপিএল-জয়ী দলের আরেক সদস্য মুশফিকুর রহিমের নামে বিষোদ্গার করতে দেখা গেছে তামিমকে।
কথা দিয়েও তামিমদের ছেড়ে নতুন এক দল গড়ছেন কেন মুশফিক, এ নিয়ে হাপিত্যেশ করতে শোনা তামিমকে। ‘জাতীয় দলে নেই বলে অন্যদের ভাব বেড়ে গেছে’, ‘অধিনায়ক থাকলে এসব করতে পারতি না’, ‘পৃথিবী গোল’, ‘সময় আমারও তো আসবে’- এমন মুখরোচক সব মন্তব্যও করতে শোনা গেছে তাঁকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইহুল্লোড় পড়ে গেছে। কেউ বাস্তবেই অবাক হয়েছেন, মুশফিকের আচরণে হতাশাও জানিয়েছেন। কেউবা একে বিজ্ঞাপনের অংশ বলে মনে করছেন।
এ নিয়ে আলোচনার তুঙ্গে থাকা অবস্থায় তামিম নিজেই ফেসবুকে এসেছেন। আজ ২৫তম জন্মদিন তাঁর। আজ দিনটাই শুরু হয়েছে ভক্তদের শুভেচ্ছাবার্তায়। ফেসবুক বার্তায় তাই আগে তাঁদের কথাই বলেছেন সাবেক অধিনায়ক, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’
অবশ্য একটি সূত্র নিশ্চিত করেছে, আসলেই তামিমের ওই ভিডিও একটি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ।