০, ৩, ২৮, ০ – এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের রান। এক বিরাট কোহলিই যা রান করছেন, দুই ম্যাচে ফিফটি করেছেন। এর বাইরে বেঙ্গালুরুর হয়ে কেউ সেভাবে রান পাচ্ছেন না। বেঙ্গালুরুও ধুঁকছে, চার ম্যাচের তিনটিতেই হেরেছে।
আঁতশি কাঁচের নিচে তাই পড়ছে ম্যাক্সওয়েলদের ব্যাটিং। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের ১৮২ রানের লক্ষ্যে বেঙ্গালুরু অলআউট হয়ে গেছে ১৫৩ রানে। কোহলি কাল ২২ রান করে আউট হয়ে গেছেন, কিন্তু ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েলরা আরেকবার ব্যর্থ। ম্যাক্সওয়েল তো ২ বলে ০ রান করেই আউট!
শেষ পর্যন্ত ২৮ রানে বেঙ্গালুরু হেরে যাওয়ার পর ম্যাক্সওয়েলকে ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। তাঁর কথা, ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড়দের বেতন তো ঠিক সময়েই চলে যায় পকেটে, কিন্তু তাঁদের কাছ থেকে পারফরম্যান্স আর পাওয়া যায় না।
বাকি বিদেশিরাও তেমন রান পাচ্ছেন না, তবে ভারতে গত বিশ্বকাপে আলো ছড়ানো ম্যাক্সওয়েলকে এবার বেঙ্গালুরু ১১ কোটি রূপির বিনিময়ে দলে রেখে দিয়েছে (রিটেইন) বলেই কিনা, ম্যাক্সওয়েলের সমালোচনা হচ্ছে বেশি। ম্যাচের পর ক্রিকবাজ-এ বিশ্লেষণে তিওয়ারি যেমন ছাঁচাছোলা সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান বিস্ফোরক ব্যাটসম্যানের।
‘ম্যানেজমেন্ট ম্যাক্সওয়েলের ওপর কত ভরসা রেখেছিল, ওকে রিটেইন করেছে। কিন্তু ওর বেতন ঠিক সময়ে চলে গেলেও ওর কাছ থেকে দল পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না’ – ক্রিকবাজে বলেছেন তিওয়ারি।
বেঙ্গালুরুর পুরো দলেরই সমালোচনা করেছেন তিওয়ারি, ‘আরসিবিকে সব সময়ই ভাবা হয়, ওদের ব্যাটিংটা শক্তিশালী। কিন্তু এবার ওদের ব্যাটিং লাইনআপ কিছু করে দেখাতে পারছে না। না ওদের ব্যাটসম্যানরা রান পাচ্ছে, না বোলাররা ভালো করছে।’
২০২৩ আইপিএলে ১৪ ম্যাচে ১৮৩.৪৯ স্ট্রাইকরেটে ৪০০ রান করেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু এবার চেন্নাইয়ের বিপক্ষে গোল্ডেন ডাক পেয়ে শুরু করেন, এরপর পাঞ্জাবের বিপক্ষে আউট হন ৩ রান করে। কলকাতার বিপক্ষে পরের ম্যাচে ২৮ রানে কিছুটা প্রতিশ্রুতি দেখিয়েছিলেন, কিন্তু গতকাল আবার আউট হয়ে গেছেন ‘ডাক’ মেরে।