ঘরে ঢুকতে হবে, তাই স্ত্রীর কথা শুনতেই হয় রোহিতকে

মুম্বাই ইন্ডিয়ানস ও আইপিএল নিয়ে ব্যস্ত রোহিত শর্মা। আর মুম্বাইয়ের সাবেক অধিনায়ক মাঠে থাকা মানেই গ্যালারিতে একটি পরিচিত মুখ- রিতিকা। স্বামীকে অনুপ্রাণিত করতে মাঠে প্রায় প্রতি ম্যাচেই দেখা যায় তাঁকে।

এরই মধ্যে ‘দ্য ইন্ডিয়ান কপিল শর্মা শো’র একটি পর্বে দেখা গেছে রোহিত ও রিতিকাকে। উপস্থাপক কপিল শর্মা জিজ্ঞেস করেছিলেন, কোনো ক্রিকেটার কি রোহিতকে কখনো বলেছেন, গ্যালারিতে বান্ধবী আছে। বান্ধবীর সামনে যেন তাঁকে ছক্কা না মারে?

রোহিত মজার এক উত্তর দিয়েছেন, ‘হ্যাঁ, অবশ্যই। এমন কিছু কয়েকবার হয়েছে। কিন্তু আমি তাদের বলতাম, “তোমাদের বান্ধবী স্টেডিয়ামে আছে, আমার স্ত্রীও কিন্তু এই ম্যাচ দেখছে”। সে পুরো ম্যাচ প্রার্থনায় কাটায়। আমার কাছে সেই বেশি গুরুত্বপূর্ণ।’

কপিল এরপর রিতিকাকে প্রশ্ন করেছেন, ‘ক্রিকেটার হিসেবে নাকি স্বামী হিসেবে তাঁকে সামলানো কঠিন।’রিতিকাও কম যাননি, ‘স্বামী হিসেবে। অধিনায়ক হিসেবে, ওকে সামলানোর জন্য ওর দল আছে। আমাকে কিছুই করতে হয় না।’

রোহিত আর চুপ থাকতে পারেননি। খোঁচা দিয়েছেন স্ত্রীকে, ‘সে মাঠে বা ড্রেসিং রুমে ঢুকতে পারে না। কিন্তু আমাকে তো ঘরে ঢুকতে হয়। সেখানে সে-ই অধিনায়ক।’

অনুষ্ঠানে মজার পাশাপাশি রোহিতকে হতাশা নিয়েও কথা বলতে হয়েছে। ঘরের মাঠে টানা ১০টি ম্যাচ জিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসেছে স্বাগতিক দল।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শকের সামনে সে হারের ব্যাপারে রোহিতের মন্তব্য, ‘ম্যাচের দুই দিন আগে আমাদের দল আহমেদাবাদে ছিল এবং আমরা আমাদের অনুশীলন করেছি। দল খুব ভালো ছন্দে ছিল। যেন অটো-পাইলটে চলছিল। ম্যাচ শুরু হলে, আমরা ভালো শুরু করেছিলাম। শুবমান গিল আউট হলেও বিরাট কোহলি ও আমার একটা জুটি হয়েছে। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো স্কোর করব। আমি মনে করি, বড় ম্যাচে যদি ভালো স্কোর করেন এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারলে যত ভালো দলই হোক তারা চাপে ভেঙে পড়ে। কিন্তু অস্ট্রেলিয়া ভালো খেলেছে। ৪০ রানের মধ্যে ওদের ৩ উইকেট নিতে পেরেছিলাম কিন্তু এরপর ওরা বড় একটা জুটি পেয়ে গেছে।’