তাঁর মোবাইলে সাড়ে ১২ হাজার ছবি, ইনস্টাগ্রামে কাটান দিনে সাড়ে আট ঘণ্টা

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল পাকিস্তান ছেড়েছেন বাবর আজমরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাড়বেন আইরিশরা। এর আগে গত মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সে দলে অনুমিতভাবে আছেন জশ লিটল।

একই দল নিয়ে বাবর আজমদের মুখোমুখি হলেও জশ লিটলকে পাকিস্তান সিরিজে পাবে না আয়ারল্যান্ড। ২৪ বছর বয়সী এ বাঁহাতি পেসার আইপিএলের চলতি মৌসুমে গুজরাট টাইটানসের হয়ে খেলছেন। যদিও এখন পর্যন্ত একাদশে সুযোগ মিলেছে কেবল একবার। সুযোগ পেয়ে সেটা কাজেও লাগিয়েছেন দারুণভাবে।

গত শনিবার বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে গুজরাট হারলেও ৪৫ রানে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন লিটল। সে কারণে কিনা বাঁহাতি পেসারকে টুর্নামেন্টের বাকি সময় খেলার ছাড়পত্র দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

বোলিংয়ে সামর্থ্যের প্রমাণ দিয়ে নতুন করে আলোচনায় আসা লিটলকে নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যেও আগ্রহ বেড়েছে। গুজরাট টাইটানস কর্তৃপক্ষ হয়ত বিষয়টি বুঝতে পেরেছ। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে জশ লিটলকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছে গুজরাট টাইটানস। ‘তোমার ফোনে কী আছে’ শিরোনামের সে ভিডিওতে আইরিশ পেসারের জানা-অজানা দিক উঠে এসেছে।

সেখানে লিটল জানিয়েছেন, তাঁর মোবাইলের গ্যালারিতে সাড়ে বারো হাজার ফটো আছে। এছাড়া দৈনিক সাড়ে আট ঘণ্টার বেশি সময় ইনস্টাগ্রামে কাটান তিনি।

ভিডিওর শুরুতে লিটলের কাছে জানতে চাওয়া হয়, তাঁর ফোনে সেভ থাকা নম্বরগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কে? এর উত্তরে কিছুক্ষণ ভেবে আফগান তারকা ক্রিকেটার রশিদ খানের নাম বলেছেন লিটল। তবে পছন্দের নম্বর হিসেবে সবার ওপরে আছে তাঁর বাবা ও মায়ের নম্বর।

কোন অ্যাপস সবচেয়ে বেশি ব্যবহার করেন, এমন প্রশ্নের জবাবে লিটল বলেন, ‘অবশ্যই ইনস্টাগ্রাম। আমি এটা ছাড়া থাকতে পারি না। ঘণ্টার পর ঘণ্টা ধরে স্ক্রলিং করি। এটা ভয়ংকর।’দিনে কত সময় ধরে ব্যবহার করেন, এটা জানতে জান প্রশ্নকর্তা।

নিজের ফোন চেক করে লিটল জানালেন, প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা ৩৫ মিনিট ইনস্টাগ্রামে থাকেন তিনি! আইরিশ পেসার পাল্টা জানতে চান, এটা খারাপ কিনা? উপস্থাপক তখন বলেন, ‘এটা অনেক বেশি।’ এরপর উপস্থাপকের কাছে তাঁর স্ক্রিনিং টাইম জানতে চান লিটল। কিন্তু কৌশলে সেটি এড়িয়ে যান উপস্থাপক।

আইরিশ পেসারের কাছে পরের প্রশ্ন, গুগলে সর্বশেষ কী সার্চ করেছেন? জবাবে লিটন জানান, তিনি কফি বানানো নিয়ে কিছু খুঁজছিলেন গুগলে। এরপর ফোনের লক-স্ক্রিণ দেখান লিটল। প্রেমিকাসহ যুগল ফটো ওয়ালপেপার সেট করে রেখেছেন গুজরাটের আইরিশ পেসার।

লিটলের ফোনে কতগুলো ফটো আছে, এমন প্রশ্নের জবাবে প্রথমে লিটন জানান, দশ হাজারের বেশি। এরপর ফোন দেখে নির্দিষ্ট করে জানালেন, গ্যালারিতে ১২ হাজার ৫০০ ফটো আছে। এটাও জানান, তিনি ফটো তুলতে পছন্দ করেন। তখন উপস্থাপক মজা করে বলেন, ‘তাহলে তো ফটোর পরিমাণ খুব বেশি নয়!’