ভারতের ম্যাচ বাতিল হতেই আইসিসিকে ধুয়ে দিলেন গাভাস্কার

এবারের বিশ্বকাপে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ইংল্যান্ড-স্কটল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তো গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিলেন জস বাটলাররা। এমনকি ইংলিশদের টিকে থাকার লড়াইয়ে গতকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। সুপার এইটের পথে পাকিস্তানের যে ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটাও শেষ হয়েছে বৃষ্টির কারণেই।

তবে অবাক করা বিষয়, গতকাল শনিবার গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচে বৃষ্টি না থাকলেও ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এর কারণ ফ্লোরিডার ভেজা মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। এ মাঠে কেবল ভারত-কানাডা ম্যাচটিই পরিত্যক্ত হয়েছে, এমন নয়। এর আগে মঙ্গলবার শ্রীলঙ্কা-নেপাল ও শুক্রবারের যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি কিংবা ভেজা মাঠের কারণে টানা তিনটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বইছে ফ্লোরিডার এ ভেন্যুকে নিয়ে।

ভারত-কানাডা ম্যাচ না হওয়ায় পর ক্ষোভ ঝেড়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। এজন্য আইসিসিকে দায় দিয়েছেন তিনি।   

স্টার স্পোর্টসে গাভাস্কার বলেছেন, ‘আইসিসিকে আমার অনুরোধ, দয়া করে এমন মাঠে খেলা রাখবেন না, যেখানে বৃষ্টির সময় পুরো মাঠ ঢেকে রাখার ব্যবস্থা নেই। কেবল পিচ ঢেকে রাখা হলো, মাঠের অন্যান্য অংশ ভেজা থাকল, এটা হতে পারে না। বিশ্বকাপ বা অন্য কোনো টুর্নামেন্টের ম্যাচ  এমন ভেন্যুতে দেওয়া উচিত যেখানে এ ধরনের সুযোগ-সুবিধা আছে। তাহলে দর্শক এবং ক্রিকেটারদের প্রতি সুবিচার হবে।’

গাভাস্কার যোগ করেন, ‘নিউইয়র্ক থেকে ফ্লোরিডা অনেক দূরে। সমর্থকরা অনেক দূর থেকে খেলা দেখতে যান। প্রিয় ক্রিকেটারের খেলা দেখার জন্য অপেক্ষা করেন। তাঁদের হতাশ করার কোনো অধিকার আইসিসির নেই। বিশ্বের সব স্টেডিয়ামের পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা উচিত। ২০১৯ বিশ্বকাপে কয়টা ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে ভেবে দেখুন তো!’

কেবল গাভাস্কার নন, এমন ভেন্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাইকেল ভনও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘আমি ভাবতেই পারছি না, পুরো মাঠ ঢাকার মতো ব্যবস্থা নেই আমাদের। ভেজা মাঠের জন্য ম্যাচ পরিত্যক্ত হলেও কিন্তু আমরা টাকা ঠিকই পাচ্ছি!’