পাওয়ার প্লে-র লড়াইয়ে কোনো দলকেই এগিয়ে বা পিছিয়ে রাখা যাচ্ছে না। ভারত পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩ উইকেটে তুলেছিল ৪৫ রান, দক্ষিণ আফ্রিকা রান ৩টি কম করলেও উইকেট হারিয়েছে ১টি কম।
এই প্রতিবেদন লেখার সময়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের অর্ধেকে এসেও কোনো দলকে সম্ভাবনার পাল্লায় এগিয়ে রাখার উপায় নেই। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮১ রান। এখন সমীকরণ – রান দরকার ৯৬, বল বাকি ৬০টি।
দুই পেসার যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিংয়ের সৌজন্যে প্রথম ১৫ বলের মধ্যেই রিজা হেনড্রিকস (৪) ও এইডেন মার্করামকে (৪) ফিরিয়েছে ভারত। বুমরার গতি কমিয়ে দেওয়া বলে বোল্ড হয়েছেন হেনড্রিকস, আর্শদীপের ওবল সিমের শিকার মার্করাম। তবে এরপরও ভারত খুব একটা স্বস্তিতে নেই। কারণ দুটি, এখনো কুইন্টন ডি কককে ফেরাতে পারেনি তারা। আর ভারতের স্পিনকে খুব সহজেই সামলাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় উইকেটে ট্রিস্টান স্টাবস ও ডি কক ৫৮ রানের জুটিতে তো অস্বস্তিতেই ফেলে দিয়েছিলেন ভারতকে। স্টাবস স্পিনের বিপক্ষে দারুণ, টি-টোয়েন্টিতে স্পিনের বিপক্ষে তাঁর স্ট্রাইকরেট কেন ১৪৭ সেটা ২১ বলে ৩১ রানের ইনিংসে ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত নবম ওভারে অতি-উৎসাহী হতে গিয়েই কপাল পুড়ল তাঁর। অক্ষর প্যাটেলের বলে স্টাম্প ছেড়ে মারতে গিয়ে হলেন বোল্ড!
তবে ডি ককের (২৩ বলে ৩০*) সঙ্গে এখন ক্রিজে যোগ দেওয়া হাইনরিখ ক্লাসেনও (৭ বলে ৮*) তো স্পিন বা পেসের বিপক্ষে দারুণ। ভারতের তাই অস্বস্তি থাকছেই।