১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। বৈশ্বিক টুর্নামেন্ট হিসেব করলে তো ১১ বছর পর কোনো শিরোপা জিতলেন বিরাট কোহলি-রোহিত শর্মা। শিরোপা জয়ের আনন্দে আবেগে ভেসেছেন দেশটির সাবেক-বর্তমান সব ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। নিজের আবেগের কথা জানিয়ে ভালোবাসার ভাগও নিয়েছেন অনেকে। সে কাজই করতে গিয়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। কিন্তু পোস্ট দিয়ে উলটো তোপের মুখে পড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দে মাঞ্জরেকার দুটি পোস্ট দিয়েছেন। প্রথমে টুইট করেন এভাবে, ‘রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও অজিত আগারকার তোমরা একদম পরিপূর্ণ সৎ মানুষ। আমি খুব খুশী যে এর বিনিময়ে কিছু দেখাতে পারছে তারা। ওদের জন্য ভালোবাসা।’
এই টুইটে আসলে খুব ভুল কিছু ছিল না। একটা দলের অধিনায়ক, কোচ ও প্রধান নির্বাচক- টিম ম্যানেজমেন্টের তিনটি বিভাগের প্রধানকে উল্লেখ করে পোস্ট দেওয়া যেতেই পারে। কিন্তু ভারতীয় ক্রিকেটভক্তরা তো কোহলি, রোহিত ও ধোনি-এই তিন সমর্থকগোষ্ঠীতে নিজেদের ভাগ করে নিয়েছে। ফলে ‘টিম কোহলি’র লোকজন এসে হামলে পড়েছেন সেই টুইটে।
সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকারের পরের টুইট তো কোহলি ভক্তদের আরও উসকে দিয়েছে। পরের পোস্টে লিখেছেন, ‘এবং আরও একবার ভারতের বোলাররা ভারতকে ম্যাচ জেতালো। হার্দিক, অক্ষর, আর্শদীপ এবং অদ্বিতীয় যশপ্রীত বুমরাকে কুর্নিশ।’
সমর্থকেরা এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকের মনে পড়ে গেছে, কোহলিকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াড দেওয়ার কথা বলেছিলেন মাঞ্জরেকার। এখন বিশ্বকাপের ফাইনালসেরার নাম কোনো টুইটে নিচ্ছেন না। এ কারণে মাঞ্জরেকাররা প্রতারকও বলছেন অনেকে।