রোহিত-রাহুলের পাশে ছবি তুললেও ভারতের বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেননি নরেন্দ্র মোদি

অপেক্ষার ফল যদি এমন মধুর হয়, তবে অপেক্ষা করাই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা গত শনিবার জিতলেও হারিকেন বেরিলের কারণে তিন দিন ওয়েস্ট ইন্ডিজেই আটকে ছিল ভারতীয় দল। অবশেষে আজ স্থানীয় সময় সকাল ৬টায় দিল্লিতে নেমেছে কোহলি-রোহিত-রাহুলদের বহনকারী বিশেষ বিমান। এরপর কী উদ্‌যাপনই না হলো! রাস্তায় লাখো মানুষ সঙ্গী ভারতীয় দলের ট্রফি প্যারেডের!

ভারতের বিশ্বকাপ জয়ের উৎসবেই আলোচনায় এল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কাজ। স্থানীয় সময় ১১টায় আজ প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিল বিশ্বকাপজয়ী ভারতীয় দল। কিন্তু সেখানে রোহিত-রাহুলদের হাত ধরলেও বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখেননি মোদি।

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিশ্বকাপ জিতিয়ে ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দেওয়া কোচ ও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড় আর দলের অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে ছবি তুলেছেন মোদি। সে সময় ট্রফিটা ছিল রোহিত ও রাহুলের হাতে। কিন্তু মোদি ট্রফিতে হাত লাগাননি। রোহিত ও রাহুলের হাত ধরে ছিলেন তিনি।

কেন এমন করলেন মোদি, সে ব্যাখ্যাটা সবাইকে মুগ্ধ করেছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অলিখিত নিয়ম অনুযায়ী, কোনো ট্রফি বা পদক শুধু সেটি জেতা অ্যাথলেট বা দলের হাতেই থাকবে। নরেন্দ্র মোদি সেটি মেনেই ট্রফিতে হাত ছোঁয়াননি বলে জানাচ্ছে এনডিটিভি।

সে সময়ে নরেন্দ্র মোদিকে বিশেষ নামাঙ্কিত জার্সি উপহার দিয়েছে ভারতীয় দল। তাঁর নামের দুই শব্দেরই প্রথম অংশ নিয়ে জার্সিতে লেখা ছিল – ‘নমো।’