টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এক সপ্তাহ না যেতেই মুদ্রার উল্টো পিঠ দেখল। গুভমান গিলের অধিনায়কত্বে আইপিএলের সেরা ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ে সফরে এসে যেন খেলতেই ভুলে গিয়েছে ভারত। জিম্বাবুয়ের দেয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ খেলতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানের হারে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত।
সিকান্দার রাজাদের দেয়া ১১৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ভিন্নরকম এক ভারতের দেখা মিলে। আইপিএলে মারকুটে ব্যাটিংয়ের জন্য জাতীয় দলে সুযোগ পাওয়া অভিষেক শর্মা তার অভিষেকে রানে খাতা খুলতে পারেন নি। ৪ বলে ০ রানে ফিরেন।
জিম্বাবুয়ের বোলারদের সামনে পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটসম্যানরা। পাঁচ ওভারে মাত্র ২২ রান তুলতেই ৪ উইকেট হারায় ভারত।
এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের আসা-যাওয়া দেখছিলেন অধিনায়ক শুভমান গিল। পঞ্চম উইকেট জুটিতে ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন গিল। কিন্তু দশম ওভারে লুক জংউয়ের গতির কাছে পরাস্ত হন ১৪ বলে ৬ রান করা জুরেল।
এরপর পরের ওভারেই ভারতীয় অধিনায়ক গিলকে ফেরান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ২৯ বলে ৩১ রান করা গিল ফেরেন দলীয় ৪৭ রানে। ৬ উইকেট হারানো ভারতের তখন শেষ ভরসা হয়ে দাঁড়ান ওয়াসিংটন সুন্দর।
এক প্রান্তে দাঁড়িয়ে থেকে লড়াই করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। শেষ ওভারে এক উইকেট হাতে থাকা ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। টেন্দাই চাতারার করা শেষ ওভারে মাত্র ২ রান নিতে পারেন সুন্দর। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখেই ১০২ রানে গুটিয়ে যায় ভারত। জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন চাতারা ও রাজা।
এর আগে হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় স্পিনার রবি বিষ্ণুইয়ের ঘূর্ণি জাদুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান করে জিম্বাবুয়ে। ভারতের হয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪টি উইকেট নেন বিষ্ণুই।