টেস্ট নয় টি-টোয়েন্টি পছন্দ, এমন কথায় ক্ষেপে গেলেন ক্রিকেটার

আগামী ২১ আগস্ট থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এ সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছে ইংলিশরা। দলটির লাল বলের অধিনায়ক বেন স্টোকস চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন।

গত সোমবার (১২ আগস্ট) দ্য হানড্রেডে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ব্যাটিংয়ের সময় পায়ে চোট পেয়ে অশ্রুভেজা চোখে মাঠ ছাড়েন স্টোকস। এরপর স্ক্যান রিপোর্টে জানা যায়, শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার।

গুরুত্বপূর্ণ সিরিজের আগে স্টোকসের এমন চোট মানতে পারছেন না অনেকে। সে তালিকায় আছেন ইংলিশ সাংবাদিকেরাও। এ চোটের জন্য স্টোকসকেই দায়ী করেছেন তারা। ইংলিশ টেস্ট অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, কাউন্টি চ্যাম্পিয়নশিপের চেয়ে হানড্রেডকে বেশি প্রাধান্য দেন স্টোকস। সেখানে খেলতে গেছেন বলেই এখন এ অবস্থা। এ নিয়ে টুইটারে সাংবাদিকের অভিযোগের কড়া জবাব দিয়েছেন ইংলিশ তারকা।

স্কট উইলসন নামের ওই ইংলিশ সাংবাদিক স্টোকসের দিকে আঙুল তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘বেন স্টোকসকে গ্রীষ্মকালীন কাউন্টি ক্রিকেটে ডারহামের হয়ে পাওয়া যায় না, কিন্তু দ্য হানড্রেড নামক সার্কাসে খেলার সময় ঠিকই ফিট থাকেন, এরপর সেখানে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চিড় ধরান এবং গ্রীষ্মের বাকিটা সময়ের জন্য আবার বাইরে চলে যান। রীতিমতো হাস্যকর।’

সাংবাদিকের এমন সমালোচনা ভালোভাবে নেননি স্টোকস। জবাব দেওয়ার জন্য তিনিও টুইটারকেই বেছে নিয়েছেন, ‘চীফ স্পোর্টস রাইটার??? (তাহলে তো জানার কথা) আমি এ বছর ডারহামের হয়ে তিনটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলেছি।’

স্টোকস আসলে এ টুইটের মাধ্যমে ওই সাংবাদিককে সূক্ষ্ম খোঁচাই দিয়েছেন। বোঝাতে চেয়েছেন, বড় সাংবাদিক হয়েও এটা জানে না যে স্টোকস ঠিকই কাউন্টিতে খেলেছেন এ বছরেও। অর্থাৎ এত বড় পদ এই সাংবাদিকের পাশে মানায় না।