ঘরের মাঠ লাহোরে গতকাল শনিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে ওয়ানডে কোনো টুর্নামেন্টে দীর্ঘ ৯ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে দলটি।
পাকিস্তানের এই কীর্তির ম্যাচে আরও কিছু রেকর্ড হয়েছে। উল্লেখযোগ্য কিছু রেকর্ড তুলে ধরা হলো:
৯ বছর পর
ওয়ানডে সংস্করণের বহুজাতিক কোনো টুর্নামেন্টে পাকিস্তান শেষবার ট্রফি জিতেছিল ২০১৭ সালে। চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর কেটে গেছে ৯ বছর। এই সময়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং আরও একটি চ্যাম্পিয়নস ট্রফি খেললেও শিরোপা আর জেতা হয়নি।
এছাড়া ওয়ানডে সংস্করণের দুটি এশিয়া কাপে খেললেও ফাইনালেই উঠতে পারেনি পাকিস্তান। তবে ২০২৫ সালে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।
৩২৬- ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ সফল রান তাড়া
লাহোরে গতকাল আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩২৫ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। অর্থাৎ, পাকিস্তানের লক্ষ্য ৩২৬। ইনিংসের ৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই সেই রান তাড়া করে পাকিস্তান। ওয়ানডে সংস্করণ বিবেচনায়, যেকোনো টুর্নামেন্টের ফাইনালে এটিই সর্বোচ্চ সফল রান তাড়ার যৌথ রেকর্ড।
এর আগে ২০০২ সালে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইংল্যান্ডের রান সফলভাবে তাড়া করেছিল ভারত।
২- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া
ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সফল রান তাড়ায় এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এ তালিকায় প্রথমে থাকা দলটার নামও পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জিতেছিল তারা।
৬৫৬- ফাইনালে সর্বোচ্চ রান
লাহোরে গতকালের ফাইনালে দুদল মিলে মোট ৬৫৬ রান করেছে। ওয়ানডেতে বহুজাতিক সিরিজ কিংবা টুর্নামেন্টের ফাইনালে এটাই সর্বোচ্চ। এর আগে ২০০২ লর্ডসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ও ইংল্যান্ড মিলে করেছিল ৬৫১ রান।
১- দেশের মাটিতে প্রথম ফাইনাল জয়!
ওয়ানডে সংস্করণে দেশের মাটিতে এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে জিতল পাকিস্তান। এর আগে ঘরের মাঠে তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেললেও, তিনটিতেই হেরেছিল তারা।
২- সাঈদ আনোয়ারের সেঞ্চুরির রেকর্ডে ফখর!
গতকালের ফাইনালে ৯৯ বলে ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ফখর জামান। ওয়ানডেতে এ নিয়ে তিনটি ফাইনাল খেলা ফখর দুটিতেই সেঞ্চুরি করলেন। এর আগে সেঞ্চুরি করেছিলেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে।
ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে একাধিক সেঞ্চুরি করা দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান। পাকিস্তানিদের মধ্যে এর আগে ফাইনালে দুটি সেঞ্চুরি করতে পেরেছেন শুধু সাঈদ আনোয়ার।
৪- রান তাড়ায় সেঞ্চুরির অনন্য রেকর্ড ফখরের!
ওয়ানডেতে ৩০০ বা এর চেয়ে বেশি রান তাড়ায় এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি করলেন ফখর, যা পাকিস্তানি ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ। এমন ম্যাচে বাবর আজম ও ইউনিস খানের তিনটি করে সেঞ্চুরি আছে।
৯৬- ইনিংসে ৪ হাজার!
গতকাল ১২৭ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে ৪০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ফখর জামান। এই কীর্তিতে যেতে বাঁহাতি এ ব্যাটসম্যানের খেলতে হয়েছে ৯৬ ইনিংস, পাকিস্তানিদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। ৮২ ইনিংসে ৪০০০ ওয়ানডে রানে পৌঁছে এ তালিকায় সবার আগে বাবর আজম।


