গলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, সেটা লেখা হয়েছিল গতকাল শনিবার সিরিজের তৃতীয় দিনেই। স্বাগতিকদের ৬০২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে কিউইরা গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৮ রানে।
৫১৪ রানে পিছিয়ে থাকা সফরকারীদের ফলো অন করায় শ্রীলঙ্কা। এরপর বোধহয় আর এ ম্যাচের ফল নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়।
ইনিংস ব্যবধানে হার বাঁচাতে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের জোর চেষ্টা চালায় নিউজিল্যান্ড। ৫ উইকেটে ১৯৯ রানে গতকাল তৃতীয় দিন শেষ করেছিল সফরকারীরা। তবে পাহাড় ডিঙানো হয়নি, স্কোরবোর্ডে আজ আর ১৬১ রান যোগ করে গুটিয়ে গেছে ৩৬০ রানে। এতে ইনিংস ও ১৫৪ রানের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের কাছে এটাই সবচেয়ে বড় হার নিউজিল্যান্ডের।
গলে প্রথম টেস্টে ৬৩ রানে জিতেছিল স্বাগতিকরা। এবার দ্বিতীয় টেস্টে পেল রেকর্ড জয়। এতে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভারা। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৯ সালের পর থেকে কিউইদের বিপক্ষে এবারই প্রথম টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৮৮ রানে গুড়িয়ে দেওয়ার পথে ৬ উইকেট নিয়েছিলেন প্রবাত জয়সুরিয়া। দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া নিশান পেইরিস দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। দুজন সমান ৯টি করে উইকেট পেলেও সিরিজ সেরার পুরস্কার উঠেছে প্রবাত জয়সুরিয়ার হাতে। দুই টেস্ট মিলিয়ে ১৮ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।
প্রথম ইনিংস ৬০২ রানের পাহাড় গড়ার পথে তিনটি সেঞ্চুরি করেছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। এর মধ্যে ১৮২ রানের রেকর্ডগড়া ইনিংস খেলেছিলেন কামিন্দু মেন্ডিস। ম্যাচ সেরা হয়েছেন ২৫ বছর বয়সী বাঁহাতি এ ব্যাটসম্যান।