২৪ বছরে পারেননি বাবা, ছেলের অর্জন ২ বছরেই

সর্বকালের সেরা ক্রিকেটারদের প্রশ্নে তাঁর নাম ওঠে। শচীন টেন্ডুলকারকে এখনো ভারতের ক্রিকেট ঈশ্বর বলে মানেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক, সবচেয়ে বেশি সেঞ্চুরিরও মালিক টেন্ডুলকার।

বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফি। ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন ৬৬৪বার। সে তুলনায় তাঁর পুত্র অর্জুন এখনো কিছুই করতে পারেননি। বয়স ২৫ ছাড়িয়েছে, এখনো জাতীয় দলে ঢোকার সম্ভাবনা জাগাতে পারেননি। ভারত দল তো দূরে থাক, রঞ্জি ট্রফিতে মুম্বাই দলেই সুযোগ হয় না তাঁর। কিন্তু সেই অর্জুন আজ এমন কিছু করেছেন, যার স্বাদ তাঁর বাবাও পাননি।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেললেও রঞ্জিতে গোয়ার হয়ে খেলেন। আজ রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে অরুণাচল প্রদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে অর্জুনের তোপের মুখে পড়ে। টানা ৯ ওভারের প্রথম স্পেলে অরুণাচলের প্রথম ৫ উইকেটই তুলে নিয়েছেন এই বাঁহাতি পেসার।

তাতে রঞ্জি বা প্রথম শ্রেণির ক্রিকেটে একটি ডাবল হয়ে গেল অর্জুনের। ২০২২ সালের ডিসেম্বরের গোয়ার হয়ে রঞ্জিতে অভিষেক হয়েছিল তাঁর। সে ম্যাচে সাতে নামা অর্জুনে সুযশ প্রভুদেসাইয়ের সঙ্গে ২২১ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি পেয়েছেন অর্জুন। ২০৭ বলে ১২০ রান করা অর্জুনে আজ ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটও পেয়ে গেলেন।

প্রথমে শ্রেণিতে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের এই ‘ডাবল’ শচীনেরও নেই। ২০০ টেস্ট ও সবমিলিয়ে ৩১০ প্রথম শ্রেণির ক্রিকেটে ৮১টি সেঞ্চুরি করলেও কখনো ইনিংসে ৩ উইকেটের বেশি পাননি। অথচ ওয়ানডেতে দুবার পাঁচ উইকেট পেয়েছেন টেন্ডুলকার।

অর্জুনের বোলিং তোপে ৩৬ রানে ৫ উইকেট হারানো অরুণাচল আজ ৮৪ রানেই গুটিয়ে গেছে। ৯ ওভারে ২৫ রানে ৫ উইকেট পেয়েছেন অর্জুন টেন্ডুলকার।