জানালেন আকাশ চোপড়া

রোহিতকে কেন কোহলির মতো পাত্তা দেয় না অস্ট্রেলিয়া?

আগামী ২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। সিরিজের আগে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহ্লি ও রোহিত শর্মার ফর্ম নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না। গত ১০ টেস্ট ইনিংসে বর্তমান ও সাবেক অধিনায়ক কোনো সেঞ্চুরি পাননি, মাত্র দুটি ফিফটি।

যদিও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দেখলে মনে হতে পারে, শুধু কোহলির ফর্মই বিবেচ্য। সেখানে কোহলিকে নিয়েই মেতে আছে তারা। বর্তমান অধিনায়ক রোহিত শর্মা যে প্রথম টেস্ট খেলবেন না, এবং এতে টেস্টে যে প্রভাব পড়তে পারে- সে চিন্তাই যে নেই অস্ট্রেলিয়ানদের।

এর পেছনের কারণটা নিজের ইউটিউব চ্যানেলে ব্যাখ্যা করেছেন আকাশ চোপড়া। তাঁর দাবি, কোহলি এই সম্মানটা আদায় করে নিয়েছেন, যে কাজটা রোহিত এখনো করতে পারেননি।
নিজের চ্যানেলে সাবেক ওপেনার বলেছেন, ‘কেন শুধু বিরাট কোহলির জন্য? অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সম্মান পেতে হলে টেস্টে ভালো করতে হয়। সাদা বলে যাই করুন না কেন, এই সম্মান পাবেন না। কিন্তু (টেস্টে) ব্যাট হাতে প্রভাব খাটালে বা বল হাতে তাদের কাঁপালে তারা মনে রাখে। ওদের ইতিহাসে খুব সুন্দরভাবে আপনার নাম লেখা থাকে।’

অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত টেস্টে ২৫ ইনিংসে ৫৪.০৮ গড়ে ১ হাজার ৩৫২ রান কোহলি। করেছেন ৬টি সেঞ্চুরি। ওদিকে রোহিত ১৪ ইনিংস খেললেও কোনো সেঞ্চুরি পাননি। ৩১.৩৮ গড়ে করেছেন মাত্র ৪০৮ রান। 

এটাই দুই ব্যাটসম্যানের প্রতি অস্ট্রেলিয়ানদের মনোভাবে পার্থক্য গড়ে দিচ্ছে বলে মনে করেন চোপড়া, ‘কোহলি নিজে এটা দাবি করে না, সে এই সম্মান আদায় করে নিয়েছে। যদি সাদা বলের সংস্করণের কথা বলি, রোহিত সর্বকালের সেরাদের একজন, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু অস্ট্রেলিয়ায় রোহত কখনো পুরো সিরিজ খেলেনি। এবারও হয়তো পুরো সিরিজ খেলবে না। রোহিত শর্মা এখনো ওই সম্মান আদায় করতে পারেনি।’