সাকিবের সতীর্থ স্বীকার করলেন তাঁর মাথায় কিছু নেই

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকেও। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যখন টেস্ট খেলছে, সাকিব তখন নির্বিঘ্নে আবুধাবিতে টি-টেন লিগ খেলছেন। সেখানে বল হাতে ভালোই করছেন, তবে ব্যাট হাতে গত এক বছর ধরে চলা দুঃসময় চলছে এখনো।

অধিনায়কের এমন মিশ্র পারফরম্যান্স দলেও প্রভাব ফেলছে। টি-টেনে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে ১০ দলের মধ্যে অষ্টম স্থানে আছে। আর তাঁর সতীর্থ মোহাম্মদ শেহজাদ বলছেন, এই ফরম্যাট খেলার মতো বুদ্ধি তাঁর নেই।

১০ ওভারের খেলা বলে প্রায় প্রতিদিনই মাঠে নামছে বাংলা টাইগার্স। গতকাল যেমন আজমান বোল্টসের বিপক্ষে খেলেছে তারা। প্রথমে ব্যাট করে ১৩৩ রান করেছে আজমান বোল্টস। জবাবে নেমেই ঝড় তুলতে হতো টাইগার্সদের। কিন্তু ওপেনার মোহাম্মদ শেহজাদ ৫ বলে ৬ রান করেই ফিরে গেছেন। দলের বাকিরাও ব্যর্থ হওয়ায় ৩১ রানে হেরেছে টাইগার্স।

ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে গিয়ে শেহজাদ অকপটে স্বীকার করেছেন নিজের সীমাবদ্ধতা। বলেছেন, ‘টি-টেন খুব কঠিন ফরম্যাট। কারণ, প্রতি বলে আপনাকে মারতে হয়, ভাবতে হয়। ভাবার জন্য খুবই কম সময় থাকে। এটা করতে হয়, ওটা করতে হয়। এজন্য বুদ্ধি আর ফিটনেস, দুটিই অনেক দরকার হয়। দুটিই আমার নেই।’

৪ ম্যাচে ৬৬ রান করা শেহজাদ কিন্তু এক ম্যাচে ফিফটি পেয়েছেন। সে ম্যাচে ২৫ বলে ৫৪ রান করেও সাবেক আফগান ওপেনারের মনে হচ্ছে তিনি এই ফরম্যাটের জন্য উপযুক্ত নন।

আফগানিস্তান দলে গত এক বছর ধরে সুযোগ না শেহজাদের এমন মন্তব্য নিয়ে তাঁর নিজ দল বাংলা টাইগার্সই ট্রল করে ভিডিও বানিয়েছে!