ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ভারতের জাতীয় দলের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন রিঙ্কু সিং। এর মধ্যেই গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্র বিন্দুতে আসেন ২৭ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। মাঠের কোনো পারফরম্যান্স বা ক্রিকেটীয় বিষয়ে নয়। রিঙ্কু সিং আলোচনায় আসেন বাগদান নিয়ে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের জোর গুঞ্জন, সম্প্রতি বাগদান সেরেছেন রিঙ্কু সিং। পাত্রী কে, সেটাও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। ভারতের লোকসভার এমপি প্রিয়া সরোজের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের এ মারকুটে ব্যাটসম্যান, এমনটাই জানিয়েছে তারা।
এ গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রিয়ার বাবা তুফানি সরোজ। তিনি জানিয়েছেন, রিঙ্কু-প্রিয়ার বাগদানের কোনো ঘটনা ঘটেনি। তবে সামনে এমন কিছু যে ঘটবে না, সেটাও বলেননি তিনবারের এমপি ও উত্তর প্রদেশের বর্তমান এমএলএ তুফানি। তিনি জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে সম্বন্ধ নিয়ে আলোচনা চলছে।
ইন্ডিয়া টিভি ডিজিটালের সঙ্গে আলাপকালে তুফানি সরোজ বলেছেন, ‘কিছু কাজে বর্তমানে প্রিয়া থিরুবনন্থপুরামে আছে এবং রিঙ্কু সিংয়ের সঙ্গে ওর কোনো বাগদানের ঘটনা ঘটেনি। তবে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে। কিন্তু বাগদানের খবরটি পুরোপুরি মিথ্যা।’
রিঙ্কু সিং যেমন আগ্রাসী ব্যাটিং দিয়ে আলোচনায় আসেন, তেমনি প্রিয়াও আলোচনায় আসেন লোকসভা নির্বাচন দিয়ে। ১৯৯৮ সালের নভেম্বরে উত্তর প্রদেশের বারানসিতে জন্ম নেওয়া প্রিয়ার রাজনীতিতে আসার বাবার হাত ধরেই। ২০২৪ নির্বাচনে ৩৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে মাছেরির এমপি নির্বাচিত হন ২৫ বছর বয়সী প্রিয়া, আর তাতেই হয়ে যায় ইতিহাস। ভারতের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ সাংসদ বনে যান তিনি।
দ্য ইকোনমিক টাইমসের প্রতেবদন অনুসারে, নয়া দিল্লির এয়ার ফোর্স গোন্ডেন জুবিলি ইন্সটিটিউট থেকে স্কুল জীবন শেষ করার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক সম্পন্ন করেন প্রিয়া। এরপর নয়ডার অ্যামটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন তিনি। সাংসদের দায়িত্ব সামলানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কাজ করছেন প্রিয়া।