ঘুরেফিরে সেই ম্যানচেস্টার সিটিকেই পেল রেয়াল মাদ্রিদ!
গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই জানা ছিল, শেষ ষোলোতে যাওয়ার যোগ্যতা অর্জনের জন্য হতে যাওয়া প্লে-অফে রেয়াল মাদ্রিদের সামনে হয় ম্যানচেস্টার সিটি নয়তো বায়ার্ন মিউনিখ পড়বে। শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের জন্য রাস্তাটা সহজই হয়ে গেল, তারা প্লে-অফে পেল সেল্টিককে। কিন্তু মাদ্রিদ আর সিটির দুই দলের জন্যই প্লে-অফ হয়ে গেল পুলসিরাত!
সিটি আর মাদ্রিদ অবশ্য চ্যাম্পিয়নস লিগে একেবারে নিয়মিত ফিক্সশ্চারই হয়ে গেছে। আগের তিন মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল দুদল, এবার হবে চতুর্থবার। আরেকটু পিছিয়ে গেলে এবার নিয়ে সর্বশেষ ৬ মৌসুমে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে মাদ্রিদ-সিটি।
নিয়নে আজ হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্লে-অফের ড্রতে বড় দলগুলোর আর কোনোটির পরীক্ষা অবশ্য অতটা কঠিন মনে হবে না। পিএসজি, বায়ার্ন, মিলানের মতো দলগুলো সহজ প্রতিপক্ষই পেয়েছে।
মাদ্রিদ তো যেকোনো সময়েই চ্যাম্পিয়নস লিগের শিরোপার ফেবারিট, ম্যান সিটিও পেপ গার্দিওলার সময়ে বারবারই চ্যাম্পিয়নস লিগে ফেবারিটদের সারিতে থাকে। এবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপার প্রশ্নে লিভারপুল, আর্সেনাল, ইন্তের মিলান বা অন্য দলগুলোর চেয়ে রেয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটিকেই এগিয়ে রেখেছিলেন অনেকে। অথচ যে দুটি দলের শেষ পর্যন্ত যাওয়ার কথা ছিল, তারাই প্লে-অফে শুরুতেই হয়ে গেল মুখোমুখি। যার অর্থ, রেয়াল মাদ্রিদ অথবা ম্যান সিটি – কোনো একটি দল শেষ ষোলোতেই থাকবে না!
প্লে-অফের দুই রাউন্ডের প্রথম লেগের ম্যাচগুলো হবে ১১ ও ১২ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।
প্লে-অফের ড্র
ব্রেস্ত – পিএসজি
ব্রুগা – আতালান্তা
ম্যান সিটি – রেয়াল মাদ্রিদ
ইউভেন্তুস – পিএসভি
মোনাকো – বেনফিকা
স্পোর্তিং সিপি – ডর্টমুন্ড
সেল্টিক – বায়ার্ন মিউনিখ
ফেইনুর্ড – মিলান