‘জানি না আপনারা কী মজা পান’ – দেশত্যাগে নিষেধাজ্ঞার গুজবের জবাবে বিজয়

এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে দুর্দান্ত খেলেছেন এনামুল হক বিজয়। ১২ ম্যাচে ৩৯২ রান তো অন্তত তা-ই বলছে। তবে এমন পারফরম্যান্সের পরও বিতর্কে জড়িয়ে গেছে বিজয়ের নাম। গত ১ ফেব্রুয়ারি ‘ফিক্সিং সন্দেহে’ এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার খবর ছড়িয়ে যায় প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে।

কিন্তু বিকেলের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, খবরটি সত্যি নয়। তার আগেই অবশ্য বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার খবরটি ভাইরাল হয়ে যায়।

দুর্বার রাজশাহীর এই ক্রিকেটার এবার তাঁর বিরুদ্ধে হওয়া সংবাদ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, এমন খবরের কারণে তাঁকে ও তাঁর পরিবারকে ভুগতে হয়েছে। এমন খবর যাঁরা ছড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন বিজয়।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিওবার্তায় বিজয় নিজের বলেছেন, ‘গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং আমার ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারওই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে… যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।’

বিপিএলের শেষ দিকে এসে অনেকেই কিছু সংবাদ নিজের মতো করে ‘মাশালা’ মিশ্রিত করে ছড়িয়েছেন বলে দাবি করেন বিজয়। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই উকিল নোটিশ পৌঁছে যাবে বলে জানান টুর্নামেন্টের প্রথম ভাগে রাজশাহীর অধিনায়কত্ব করা বিজয়।

ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের সঙ্গেও এমন হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করে বিজয় বলেন, ‘আজকে আমার ওপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো খেলোয়াড়ের ওপর। এর আগেও এ রকম দেখেছি…অনেক খেলোয়াড়ের যেকোনো নিউজ তাঁর কথা না শুনে, যেকোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেওয়া। জানি না আপনারা কী মজা পান! কিন্তু একবার ভেবে দেখবেন তাঁর পরিবারের ওপর দিয়ে কী যায় বা তাঁর মানসিক অবস্থাটা কী থাকে।’

যাঁরা এমন সংবাদ করেছেন তাঁরা ক্রিকেটের ভালো চান না বলে মনে করেন বিজয়, ‘এটা খুবই অন্যায়। একজন খেলোয়াড়ের ওপর, একজন মানুষের ওপর ব্যক্তিগত আক্রোশ আপনারা প্রোমোট করেছেন, যেটা আসলে একদমই কাম্য ছিল না। যারাই নিউজগুলো করছেন তারা আসলেই ক্রিকেটের ভালো চায় না, দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।’

খারাপ সময়ে যাঁরা তাঁর ওপর আস্থা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা বিজয়ের ‘যারা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। যারা আমাকে সম্মান দেখিয়েছে। যারা ইতিবাচকভাবে আমার পাশে ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’