চ্যাম্পিয়নস ট্রফিতে আমিরাতের দারুণ উদ্যোগ

রোজা রেখে মাঠে? প্রতি আসনেই বিনামূল্যে পৌঁছে যাবে ইফতারের বক্স

চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন মাঠে বসে খেলা দেখা দর্শকদের জন্য স্বস্তির সংবাদ দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আইসিসির এই টুর্নামেন্টে দুবাইয়ে খেলা দেখতে আসা সমর্থকদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে ইসিবি (ইমিরেটস ক্রিকেট বোর্ড)।

পবিত্র মাহে রমজানে খেলা থাকায় স্টেডিয়ামে আসা দর্শকদের কথা মাথায় রেখে বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে টুর্নামেন্টটির যৌথ আয়োজক দেশটি। আজ আরব আমিরাত ক্রিকেট বোর্ড তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

দর্শকের জন্য স্টেডিয়ামে ইফতার দেওয়ার সংবাদটি জানিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক্স-এ পোস্টে লিখেছে, ‘রমজান মাসের সত্যিকারের চেতনাকে ধরে রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বাকি ম্যাচগুলোতে রোজা রাখা দর্শকের জন্য বিশেষ ইফতার বক্স সরবরাহ করা হবে।’

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন দর্শকদের আসনে ইফতারের বক্স পৌঁছে দেবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। যাতে করে মাঠে খেলা দেখতে সমর্থকদের কোনো ধরনের সমস্যা না হয়।

আগামী ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ হবে। দুবাইয়ে সেই ম্যাচ দিয়েই দর্শকদের জন্য ইফতারের আয়োজন শুরু করতে যাচ্ছে আমিরাত ক্রিকেট বোর্ড।

ভারত এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করায় দুবাইয়ে আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনাল। যদি ভারত ফাইনাল নিশ্চিত করে সেক্ষেত্রে দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ফলে দর্শকরা আরও দুটি অথবা তিনটি ম্যাচে এই ইফতারের সুব্যবস্থা পাচ্ছেন।

আরব আমিরাত ক্রিকেট বোর্ড দর্শকদের জন্য ইফতার আয়োজনের ঘোষণা দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত সমর্থকদের জন্য এমন কোনো ঘোষণা আসেনি।