প্রিয় দলের জার্সি পরলেই দিতে হবে না অটোর ভাড়া

আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৩ রানে ২ টপ অর্ডারকে হারিয়ে ফেলেছে আরসিবি, যাদের একজন সমর্থকদের প্রিয় ভিরাট কোহলি।

তবে গ্যালারি এখনো গর্জন চালিয়ে যাচ্ছে। ম্যাচের আগ থেকেই পুরো শহর আজকের দিন নিয়ে রোমাঞ্চিত হয়ে আছে। এর মধ্যে এক সমর্থকের কাণ্ড তো সংবাদ শিরোনামই হয়ে উঠেছে। অটোচালক সেই আরসিবি ভক্ত তাঁর মতো অন্য আরসিবি সমর্থকদের মুফতে রাইডের অফার দিয়েছেন।

ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাইরাল হয়েছে গতকাল। স্থানীয় এক অটো ড্রাইভার আজ্জু সুলতান জানিয়েছেন, আরসিবির জার্সি থাকলেই যাত্রীকে মুফতে নিয়ে যাবেন তিনি। অবশ্য এর ফায়দা নিতে দূর-দূরান্তে যাওয়া যাবে না। তবে নগর মেট্রো স্টেশনের ৫ কিলোমিটারের মধ্যে যে কেউ তাঁর এই অফার গ্রহণ করতে পারবেন। বিশেষ করে আজকের ম্যাচটি দেখতে যাওয়া দর্শকদের তিনি মুফতে নিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

কখনো আইপিএল জিততে না পারা বেঙ্গালুরু এ মৌসুমে দারুণ শুরু করেছে। প্রথম দুই ম্যাচেই কঠিন দুই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়েছে বেঙ্গালুরুকে। কলকাতার ইডেন গার্ডেনস ও চেন্নাইয়ের চিপক- দুই স্টেডিয়ামেই অতীত পারফরম্যান্স বলার মতো নয় বেঙ্গালুরুর। ২০০৮ সালের প০অর থেকে চিপকে কখনো ম্যাচই জেতেনি বেঙ্গালুরু।

সেই বেঙ্গালুরু এবার দুই মাঠ থেকেই দারুণ দাপুটে জয় পেয়েছে। আজই প্রথম ঘরের মাঠে খেলতে নেমেছে দলটি।  এ কারণেই এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে এত উত্তেজনা দেখা যাচ্ছে। এমনকি এই ম্যাচের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন।