জঙ্গল বানানোয় ব্যস্ত চেন্নাই, ধোনির রেকর্ডে পেল রেহাই

সপ্তম ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিং ধোনি যখন উইকেটে নামলেন, তখনো জয় থেকে ৩০ বলে ৫৬ রান দরকার চেন্নাই সুপার কিংসের। টি-টোয়েন্টিতে এ রান পেরিয়ে যাওয়া হয়তো কঠিন কিছু না। কিন্তু এবারের টুর্নামেন্টে চেন্নাইয়ের বেহাল পারফরম্যান্স কিছুটা হলেও শঙ্কা জাগাচ্ছিল।

গতকালের আগে টানা ৫ ম্যাচে হারা চেন্নাই হাতে থাকা ৫ উইকেট নিয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ১৬৮ পেরিয়ে যেতে পারবে কি না, এমন সন্দেহের মেঘ যখন জমা হচ্ছিল, সাতে নেমে ১১ বলে ২৬ রানের দুর্দান্ত এক ক্যামিওতে সে মেঘ দূরে সরিয়ে দেন ধোনি। শিভম দুবের সঙ্গে ২৮ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংসের ৩ বল হাতে রেখে দলকে ৫ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন ধোনি।

শুধু ব্যাট হাতেই নয়, গতকাল উইকেটের পেছনেও দারুণ দিন কাটিয়েছেন ধোনি। একটি ক্যাচ, একটি স্ট্যাম্পিং আর একটি রান আউটের পাশেও আছে তাঁর নাম। এমন ম্যাচজয়ী পারফরম্যান্সের পর অনুমিতভাবে ম্যাচসেরার পুরস্কারটা গিয়েছে ধোনির হাতে। তাতে নতুন রেকর্ডেই উঠেছে ধোনির নাম। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যাচসেরা হওয়ার রেকর্ডটা এখন ধোনির।

এবারের আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জেতার পর টানা ৫ ম্যাচই হেরে বসে চেন্নাই। এ ম্যাচগুলোতে চেন্নাই ব্যাটসম্যানরা যেন ছন্দই খুঁজে পাচ্ছিলেন না। একের পর এক ডট দিয়েছেন। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ট্রলও হচ্ছিল। গতকালের আগ পর্যন্ত প্রথম ৬ ম্যাচে ২৪৫টি ডট বল খেলে চেন্নাই, যা এবারের আইপিএলে সর্বোচ্চ। গতকালের ম্যাচেও ৪০ বলে কোনো রান নিতে পারেননি ধোনিরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে, প্রতি ডট বলের জন্য ১৮টি গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে তারা। সেদিক বিবেচনায় গাছ লাগাতে সবচেয়ে বেশি অবদান রাখছে চেন্নাই! চিপকের চারপাশে এডিট করে বনাঞ্চলের ছবি দিয়ে চেন্নাইকে ব্যাপক ট্রল হতে থাকে ফেসবুক টুইটারে!

এমনকি মজা নিতে ছাড়েনি কলকাতা নাইট রাইডার্সও। গতকালের আগের ম্যাচে কলকাতার বিপক্ষে ৬১টি ডট বল খেলেছিল চেন্নাই। এটি নিয়ে ফেসবুক পোস্টে কলকাতা লিখেছে, ৬১টি ডট বলে ১০৯৮ গাছ লাগানো হলো। এটা যে চেন্নাইকে উদ্দেশ্য করেই, সেটা সহজেই বোঝা যায়।

চেন্নাইয়ের ডট বল নিয়ে এভাবেই ট্রল করেছিল কলকাতা নাইট রাইডার্স। ছবি: ফেসবুক

ডট বলের পাহাড় গড়ে ব্যস্ত থাকা চেন্নাইকে গতকাল ট্রলের হাত থেকে রেহাইয়ের পথে নিয়ে গেছেন ধোনি। সেটাও আবার রেকর্ড গড়েই। গতকাল ধোনির বয়স ছিল ৪৩ বছর ২৮০ দিন। চেন্নাই অধিনায়ক ছাড়িয়ে গেছেন প্রভীন তাম্বেকে। এর আগে ২০১৪ সালে আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ৪২ বছর ২০৮ দিন বয়সে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ভারতীয় স্পিনার। সেটাই এতদিন সবচেয়ে বেশি বয়সে ম্যাচসেরা পুরস্কার জেতার রেকর্ড হিসেবে ছিল। ১১ বছর পর রেকর্ডটাকে অতীত করে দিলেন ধোনি।

 

আইপিএলে সবচেয়ে বেশি বয়সে ম্যাচসেরা

৪৩ বছর ২৮০ দিন - মহেন্দ্র সিং ধোনি

৪২ বছর ২০৮ দিন - প্রভীন তাম্বে

৪২ বছর ১৯৮ দিন- প্রভীন তাম্বে

 

শুধু বেশি বয়সে ম্যাচসেরা নয়, অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডটাও ধোনির। আগে থেকেই এ রেকর্ডের মালিক গতকাল সংখ্যাটা ১৭তে নিয়ে গেছেন। এর আগে কখনোই এত কম রান (২৬) করে এ পুরস্কার জেতেননি তিনি।

অবশ্য উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স এ পুরস্কার জেতাতে অবদান রেখেছে। তাতেও নতুন একটা মাইলফলক লেখা হয়েছে ধোনির। প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসালের কীর্তি ছুঁয়েছেন ধোনি। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি এ লিগে ২৭১ ম্যাচ খেলা ধোনির নামের পাশে এখন ২০১ ডিসমিসাল (১৫৫ ক্যাচ, ৪৬ স্ট্যাম্পিং)।

এ রেকর্ডে দ্বিতীয় স্থানে দিনেশ কার্তিক (১৮২ ডিসমিসাল)। আর ১২৬ ডিসমিসাল নিয়ে তৃতীয় স্থানে আছেন সাউথ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।

গতকালের আগে শেষবার ধোনি ম্যাচসেরা হয়েছিলেন ২০১৯ সালে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ওই ম্যাচে ২২ বলে ৪৪ রান করার পাশাপাশি ২টি স্ট্যাম্পিং করেছিলেন ধোনি। সে ঘটনার ২১৭৫ দিন পর আবারও ম্যাচসেরা! বছরের হিসেবে ব্যবধানটা প্রায় ৬ বছর পর!