ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না। ইনিংসের এক বল বাকি থাকতে উইকেটে গিয়ে ওই বলেই আউট হয়েছেন রশিদ খান। তাতে অবশ্য তেমন প্রভাব পড়েনি। রশিদ গোল্ডেন ডাক মারলেও তাঁর দল গুজরাট টাইটানস ২২৪ রানের বড় সংগ্রহ পেয়ে গেছে ততক্ষণে।
রান তাড়ায় সানরাইজার্স হায়দরাবাদকে আটকে দিতে বল হাতে কিছু করার সুযোগ ছিল রশিদের। কিন্তু আফগান লেগ স্পিনার গতকাল ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন। বল হাতে দিনটা এতটাই বাজে ছিলেন যে, গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এমন দিন আর আসেনি রশিদের।
গতকাল আফগান স্পিনার প্রথম ওভারে ২ ছক্কায় দিয়েছেন ১৫ রান। পরের ওভারে ১ চার ও ১ ছক্কায় দিয়েছেন আরও ১৪ রান। আর নিজের তৃতীয় ওভারে হজম করেছেন ৩ ছক্কায় ২১ রান। তাতে ৩ ওভার শেষে রশিদের নামের পাশে বিনা উইকেটে ৫০ রান।
গতকাল ওভারপ্রতি ১৬.৬৬ রান দিয়েছেন রশিদ। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৭২ ম্যাচ খেলা রশিদ ম্যাচে অন্তত ১ ওভার বোলিং করেছেন, তাতে ওভারপ্রতি এত রান হজম করার লজ্জা আগে পাননি আফগান তারকা।
রশিদের আগের লজ্জার রেকর্ডটি ছিল ওভারপ্রতি ১৫ রান দেওয়ার। গত আইপিএলে গুজরাটের হয়ে বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে ২৫ রান দিয়েছিলেন তিনি। গতকাল সেটাকে টপকে গেলেন তিনি।
টি-টোয়েন্টিতে এর আগেও ম্যাচে অন্তত ৫০ রান দিয়েছেন আরও ৭ ম্যাচে। তবে প্রতিবারই ৪ ওভার করে বোলিং করেছিলেন রশিদ। গতকাল রান খরচের ফিফটি পূর্ণ করলেন ৩ ওভারেই।
রশিদের এমন বেহাল পারফরম্যান্সের দিনে তাঁর দল গুজরাট দুর্দান্ত খেলেছে। হায়দরাবাদকে ১৮৬ রানে আটকে দিয়ে ৩৮ রানের জয় পেয়েছে। এছাড়া ব্যাটিংয়ের সময়ও একটি রেকর্ড গড়েছে গুজরাট। পুরো ২০ ওভার ব্যাটিং করে মোটে ২২টি ডট বল খেলেছে গুজরাট, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে কম ডট খেলার যৌথ রেকর্ড।
এর আগে গত মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে ২২ ডট বল খেলে এককভাবে রেকর্ডটি গড়েছিল হায়দরাবাদ। সেই হায়দরাবাদের বিপক্ষেই তাদের রেকর্ডে ভাগ বসাল গুজরাট। আর সে রেকর্ড গড়ার পথে দলটির ওপেনার সাই সুদর্শনের নামেও যোগ হয়েছে নতুন রেকর্ড।
গতকাল ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলে আউট হয়েছেন সুদর্শন। এতে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০০ রানের ক্লাবে ঢুকে গেলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫৪তম ইনিংসে এসে ২০০০ রানের ক্লাবে ঢুকলেন সুদর্শন। ভারতীয় এ ব্যাটসম্যানে চেয়ে কম ইনিংসে টি-টোয়েন্টিতে ২০০০ রান করার রেকর্ড আছে শুধু একজনের। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ ৫৩ ইনিংসে এ মাইলফলক ছুঁয়েছিলেন।
ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ২০০০ রান করার পথে সুদর্শন ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। কিংবদন্তি টেন্ডুলকারের ২০০০ রান করতে লেগেছিল ৫৯ ইনিংস। আর ৫৩ ইনিংস শেষে সুদর্শনের রান ২০১৬।