রোহিত দলে কেন- এই প্রশ্ন উঠছিল, অবসর নিয়ে থামিয়ে দিলেন সব

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আজ বুধবার টেস্ট থেকে অবসর নিয়েছেন।

আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন রোহিত। সেখানে টেস্ট ক্যাপের ছবি দেওয়া আর লেখা, ‘স্যালো! আমি জানাতে চাইছি আটেস্ট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক গর্বের ব্যাপার ছিল। সবাইকে এতগুলো বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ওয়ানডেতে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব আমি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিলেও আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার ইচ্ছা আগেই জানিয়েছিলেন রোহিত। আজ ওয়ানডে থেকেও অবসর নেওয়ায় নিজের সে ইচ্ছাপূরণের চেষ্টা বলেই ধারণা করা হচ্ছে।   

গত সপ্তাহে ৩৮ পূর্ণ করা রোহিত শর্মা টেস্টে থিতু হয়েছেন অনেক পরে। মাত্র ৬৭ টেস্ট খেলে ১১৬ ইনিংসে ৪ হাজার ৩০১ রান করেছেন। ১২ সেঞ্চুরি ও ১৮ ফিফটিতে ক্যারিয়ার শেষ করেছেন ৪০.৫৭ গড়ে।

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরেই রোহিতের টেস্ট দলে খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁকে ছাড়াই প্রথম টেস্ট জিতেছিল ভারত।  রোহিত দলে ফিরে এতটাই বাজে খেলেছেন যে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়ার নামে বসিয়ে রাখা হয়েছিল তাঁকে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজেও রোহিতের অধিনায়ক থাকার কথা ছিল। যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছিল, তাঁর কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে। এর আগেই নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নিলেন রোহিত। 

২০২৪ সালে ৮ টেস্টে ১৫ ইনিংসে ব্যাট করে মাত্র ১০.৯৩ গড়ে রান তুলেছেন রোহিত। ক্যারিয়ারে এতটা বাজে সময় কখনো পার করেননি রোহিত। এর মধ্যে ১০বার দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হয়েছিলেন। 

ভারতকে ২৪ টেস্টে নেতৃত্ব দিয়ে ১২ ম্যাচে জিতিয়েছেন। তাঁর অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি ভারত।