গিলকে নিয়ে প্রশ্ন শ্রীকান্তর

দলে যার জায়গা হয় না, সে কীভাবে অধিনায়ক?

কৃষ্ণমাচারি শ্রীকান্ত কোনোকালেই শুবমান গিলের ভক্ত ছিলেন না। বরাবরই এই টপ অর্ডার ব্যাটসম্যানকে সুযোগ পেলেই সমালোচনায় বিদ্ধ করেছেন। সেই গিল এখন ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার দ্বারপ্রান্তে।

এমন খবরে নিজেকে সামলাতেই পারছেন না বিশ্বকাপজয়ী ওপেনার। বলেছেন, যে ক্রিকেটারের দলেই জায়গা নিশ্চিত না সে কীভাবে দলের অধিনায়ক হন!

গত সপ্তাহে আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর অবসর নিয়েছেন বিরাট কোহলিও। এর আগ থেকেই অবশ্য গুঞ্জন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন গিল। 

কদিন পরই ইংল্যান্ড সফর। তাই অধিনায়ক নির্বাচনে দেরিও করতে পারবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। এবং এক্ষেত্রে গিলকেই সবাই এগিয়ে রাখছেন।

এদিকে হিন্দুস্থান টাইমসের সঙ্গে কথোপকথনে শ্রীকান্ত গিলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন, ‘ওর (গিল) তো টেস্ট দলে জায়গাই নিশ্চিত না। অধিনায়কত্ব দেওয়া উচিত যশপ্রিত বুমরাকে। আর সে যদি কোনো ম্যাচে ফিট না থাকে, তাহলে কেএল রাহুল বা ঋষভ পন্তের উচিত ভারতকে নেতৃত্ব দেওয়া।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে রোহিতের অনুপস্থিতিতে বুমরা নেতৃত্ব দিয়েছিলেন। সিরিজে ভারতের একমাত্র জয় এসেছিল বুমরার নেতৃত্বেই। 
অবশ্য এই প্রথম গিলের সমালোচনা করছেন শ্রীকান্ত এমন না। গত জানুয়ারিতেই যেমন বলেছেন, ‘আমি বরাবর বলে এসেছি, শুবমান গিল একটা ওভাররেটেড ক্রিকেটার কিন্তু কেউ আমার কথা কানে দেয় না। সে একটা ওভাররেটেড ক্রিকেটার। ও এখনো টিকে আছে কারণ ওকে ১০টা সুযোগ দেওয়া হয়, সে নয়বার ব্যর্থ হয়ে দশম ম্যাচে রান পায়। আর এতে ওকে আবার ১০টা নতুন সুযোগ দেওয়া হয়।’ 

ওয়ানডেতে দুর্দান্ত ক্যারিয়ার গিলের। ৫৫ ম্যাচেই ৮ সেঞ্চুরি, ৬০-ছোঁয়া গড়, তাও আবার প্রায় ১০০ স্ট্রাইকরেটে। একটি ডাবল সেঞ্চুরিও আছে। সে তুলনায় টেস্টে তাঁর পারফরম্যান্স একটু ম্লান। ৩২ টেস্টে ৩৫ গড়ে ৫ সেঞ্চুরিতে ১৮৯৩ রান করেছেন। ঘরের বাইরে গড় ২৮ এর নিচে নেমে আসে, ১৫ ম্যাচে সেঞ্চুরি মাত্র একটি।