কোহলি না প্রীতি জিনতা – আইপিএল এবার কার?

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস আগে ব্যাটিং করে অন্তত ২০০ রান করা মানেই দলটি জিততে যাচ্ছে – গতকালের আগ পর্যন্ত যেন সেটাই ছিল অলিখিত নিয়ম। পরিসংখ্যান বলছে, এর আগে মুম্বাই যে ১৮ ম্যাচে আগে ব্যাটিং করে ২০০ বা তার চেয়ে বেশি রান করেছে, সবগুলোতেই জিতেছে।

কিন্তু গতকাল সেটার পুনরাবৃত্তি হতে দেয়নি পাঞ্জাব কিংস। আহমেদাবাদে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের ২০৩ রান পেরিয়ে গেছে পাঞ্জাব, সেটাও ইনিংসের ৬ বল আর ৫ উইকেট হাতে রেখে। একই সঙ্গে ফাইনালের টিকিটও নিশ্চিত করেছেন শ্রেয়াশ আইয়াররা।

এর আগে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল পাঞ্জাব ফাইনালে ওঠায় নিশ্চিত হলো, ২০১৬ সালের পর নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল। তা কে পেতে যাচ্ছে সেই শিরোপা – ভিরাট কোহলির আরসিবি নাকি প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব? উত্তর পাওয়া যাবে আগামীকাল, বাংলাদেশ সময় রাত ৮টায় হতে যাওয়া ফাইনালে।  

বেঙ্গালুরু এর আগে অবশ্য আরও তিনবার ফাইনাল খেলেছে। কিন্তু ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের শিরোপা নির্ধারণী ম্যাচগুলোতে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলিদের। অন্যদিকে পাঞ্জাব এর আগে একবারই ফাইনাল খেলেছে। ২০১৪ সালে কলকাতার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাঞ্জাবকে। সে সময় অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব।

গতকাল পাঞ্জাবকে ফাইনালে তোলার পথে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন আইয়ার। মাত্র ৪১ বলে ৫ চার আর ৮ ছক্কায় ৮৭ রানের এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পাঞ্জাব অধিনায়ক। তাতে একটা রেকর্ডের সামনে নিজেকে দাঁড় করিয়েছেন আইয়ার। আগামীকাল মঙ্গলবার ফাইনালে খেলতে নামলেই আইয়ারের নামের পাশে রেকর্ডটা যুক্ত হবে।

রেকর্ডটা কী? আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ভিন্ন দলকে ফাইনালে নেতৃত্ব দেওয়ার বিরল কীর্তি। এর আগে ২০২০ আইপিএলে দিল্লির অধিনায়ক ছিলেন তিনি। তবে সেবার ফাইনালে দিল্লিকে হারিয়ে শিরোপা জেতে মুম্বাই। আর ২০২৪ আইপিএলে আইয়ারের নেতৃত্বে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স।

আইয়ার এবার পাঞ্জাবের হয়ে কোন ইতিহাসের পুনরাবৃত্তি করবেন?