প্রায় আড়াই মাসের লড়াই। মাঝে সন্ত্রাসী হামলার শঙ্কায় স্থগিত। এক সপ্তাহ পরে ফের চালু। ১০ দলের লড়াইয়ে একে একে বিদায় নিয়েছে আট দল। বাকি থাকা দুই দলের শিরোপা নির্ধারণী মহারণ আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ১৮তম মৌসুমের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দুদলের যে-ই জিতুক, আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন।
তা প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার পথে এগিয়ে কে? কেউ বলছে, এবার শিরোপা খরা কাটতে যাচ্ছে বিরাট কোহলিদের। অন্যদিকে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসকে নিয়েও বাজি ধরার লোকের অভাব নেই। নানান সমীকরণ আর ফেবারিট তকমায় ভক্ত-সমর্থকেরা নিজ নিজ দলকে এগিয়ে রাখছেন। এর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কও শুরু হয়েছে।
ভক্তরা নিজ দলকে এগিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। তা হালের জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলোর চোখে এগিয়ে কে? গ্রক, জেমিনি বা চ্যাট জিপিটির ভবিষ্যদ্বাণীতে কার হাতে উঠতে যাচ্ছে এবারের শিরোপা? তিনটি এআই চ্যাটবটই নিজেদের মতো ভবিষ্যদ্বাণী করেছে। মজার বিষয়, তিন প্ল্যাটফর্মই জানিয়েছে, এবার শিরোপা উঠতে যাচ্ছে কোহলির বেঙ্গালুরুর হাতে!
গ্রক (Grok):
প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে এক্স-এর এআই চ্যাটবট গ্রক জানিয়েছে, ফাইনালে সামান্য এগিয়ে আছে বেঙ্গালুরু। কারণ হিসেবে সর্বশেষ মুখোমুখি হওয়া ম্যাচের কথাও উল্লেখ করেছে গ্রক। কোয়ালিফায়ার ১-এর সে ম্যাচে পাঞ্জাবকে ১০১ এ রানে গুটিয়ে দেয় বেঙ্গালুরু, পরে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ইনিংসের ১০১ বল হাতে রেখেই। এছাড়া বোলিংয়ে জশ হ্যাজলউড ও সুয়াশ শর্মার দুর্দান্ত ফর্ম, ব্যাট হাতে কোহলি-ফিল সল্টের ধারাবাহিক ছন্দের কথা উল্লেখ করেছে এআই মাধ্যমটি।
আহমেদাবাদের অতীত অভিজ্ঞতা ও চাপ সামাল দেওয়ার ক্ষমতা কিছুটা এগিয়ে রাখবে বেঙ্গালুরুকে। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটশনের মতো তারকা ফাইনালে কোহলিদের পক্ষ নিয়েছেন- সেটাও জানিয়েছে গ্রুক।
কোয়ালিফায়ার-১ এ বেঙ্গালুরুর কাছে নাস্তানাবুদ হলেও কোয়ালিফায়ার-২ এ মুম্বাই ইন্ডিয়ানসের ২০৩ রান তাড়া করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাঞ্জাব। এটা শ্রেয়াস আইয়ারদের বাড়তি আত্মবিশ্বাস যোগালেও বেঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচের ফল জানান দেয়- ফাইনালে চাপের মুখে ভেঙে পড়তে পারে পাঞ্জাব।
প্রেডিকশন: বেঙ্গালুরুর সাম্প্রতিক ফর্ম, ভারসাম্যপূর্ণ স্কোয়াড এবং বড় ম্যাচের অভিজ্ঞতা ফাইনালে কোহলিদের এগিয়ে রাখছে। তবে পাঞ্জাব যদি রান তাড়ায় শিশিরের সুবিধা নিতে পারে , তবে ম্যাচটি হাড্ডাহাড্ডি হতে পারে।
জেমিনি (Gemini):
গুগলের এআই চ্যাটবট জেমিনির মতে, সাম্প্রতিক ফর্ম ও কোয়ালিফায়ার-১ এ দুদলের মুখোমুখি পারফরম্যান্স বিবেচনায় আজকের ফাইনালে কিছুটা এগিয়ে বেঙ্গালুরু। তবে পাঞ্জাবের ব্যাটিং শক্তি যেকোনো দলকেই বড়সড় চ্যালেঞ্জ জানাতে পারে। ফাইনালের ফল নির্ধারণে দিনের পারফরম্যান্স, টস ও আবহাওয়া পরিস্থিতি বড় প্রভাব ফেলতে পারে।
প্রেডিকশন: শিরোপা কার হাতে উঠবে, এই উত্তর যদি দিতেই হয়, এমন বাধ্যবাধকতায় জেমিনির ভোট বেঙ্গালুরুর বাক্সে পড়েছে।
চ্যাটজিপিটি (ChatGPT):
আমেরিকান প্রতিষ্ঠান ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিটিপি অনুসারে, চলতি মৌসুমে বেঙ্গালুরুর ধারাবাহিক ভালো পারফরম্যান্স এবং সর্বশেষ মুখোমুখি দেখায় বড় জয় ফাইনালে ফেবারিট করে তুলছে কোহলিদের। তবে সর্বশেষ ম্যাচে (কোয়ালিফায়ার ২) পাঞ্জাবের রান তাড়া ও শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব ফাইনালে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।
প্রেডিকশন: পাঞ্জাব কিংসের বিপক্ষে সাফল্য ও চলতি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় ফাইনালে সামান্য ব্যবধানে এগিয়ে থাকবে বেঙ্গালুরু।