ভারতের অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা, দলে ফিরেছেন কোহলি

গুঞ্জন ছিল ভারতের ওয়ানডে দল থেকে বাদ পড়তে যাচ্ছেন দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর সব শঙ্কা কেটেছে। রোহিত-কোহলিকে নিয়েই অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। 

তবে এই দুজনকে দলে রাখলেও বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে ওপেনার গুবমান গিলকে। ধারণা করা হচ্ছে, ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ফলে অস্ট্রেলিয়া সফরে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলবেন রোহিত শর্মা। এদিকে ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। আজ এক বিবৃতিতে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। 

১৫ সদস্যের ওয়ানডে দলে চোটের কারণে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া। এছাড়াও ওয়ানডে স্কোয়াডে জাসপ্রিত বুমরাহকে রাখা হয়নি। ডানহাতি এই পেসারকে ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হলেও টি-টোয়েন্টি দলে ঠিকই রাখা হয়েছে।

ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল দিলেও টি-টোয়েন্টিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপের স্কোয়াডের সকলেই টি-টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছেন। 

আগামী ১৯ অক্টোবর পার্থে সিরিজের প্রথম ওয়ানডে। অ্যাডিলেড ও সিডনিতে পরের দুই ওয়ানডে ২৩ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর ক্যানবেরাতে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

ওয়ানডে স্কোয়াড:


শুবমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ অধিনায়ক), আকসার প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার, কুলদীপ ইয়াদাভ, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রাসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, ইয়াসাসভি জায়সোয়াল।


টি-টোয়েন্টি স্কোয়াড: 


সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক),  আভিষেক শর্মা, শুবমান গিল, তিলক ভার্মা, নিতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, আকসার প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ ইয়াদাভ, হার্শিত রানা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।