পাকিস্তান-আফগানিস্তান দুই দেশের সীমান্তের সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটে। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সিরিজটি শুরু হওয়ার কথা ছিল আগামী ১৭ নভেম্বর। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা শ্রীলঙ্কারও। তবে আফগানিস্তান সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় এবার জিম্বাবুয়ের দিকে হাত বাড়াচ্ছে পাকিস্তান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় সীমান্তের ওপর থেকে হওয়া বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটারসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। এই ঘটনার জেরে পাকিস্তানকে দায়ী করে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
রশিদ খানদের বোর্ড সিরিজ থেকে নাম প্রত্যাহার করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানাচ্ছে-খবর জিও টিভির। পাকিস্তানের এই সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি ঘোষিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজন করতে চায়।
পিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে জিও নিউজ বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী ১৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে সিরিজ আয়োজনের পরিকল্পনা সাজিয়ে রেখেছে এবং তৃতীয় আরেকটি দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবে পিসিবি।
সূত্রের বরাত দিয়ে জিও টিভি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, পিসিবি সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গেই আলোচনা করছে।
গত ১২ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘাতের সূচনা হয়। যার জেরে গতকাল আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা হয়।