ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনায় স্টার্ক!

পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে রীতিমতো ভুগছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে মিচেল স্টার্কের গতি আর সুইং সামলাতে রীতিমতো হিমশিম খান রোহিত-কোহলিরা।

ভয়ংকর বোলিং করতে থাকা মিচেল স্টার্ক প্রথম স্পেলে ৫ ওভারে ১ মেডেনসহ ২০ রান দিয়ে তুলে নেন বিরাট কোহলির উইকেট। সাত মাস পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামা কোহলিকে রানের খাতাই খুলতে দেননি স্টার্ক।

তবে দুর্দান্ত স্পেল বা কোহলির উইকেট- সব ছাপিয়ে আলোচনায় ইনিংসের শুরুতে করা স্টার্কের প্রথম ডেলিভারিটি। রোহিত শর্মার মুখোমুখি হয়ে স্টার্ক যে ডেলিভারিটি করেন, গতিমাপার মেশিনে সেটার গতি দেখিয়েছে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার! অর্থাৎ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড হওয়ার কথা সেটি!

স্পিড মিটারে স্টার্কের বলের গতি দেখিয়েছে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার। ছবি: টুইটার

মুহূর্তেই এ ডেলিভারি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মেশিনের ভুলে বলের গতি এত বেশি দেখিয়েছে। মূলত বলটির গতি ছিল ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার।

স্পিড মিটারের ভুলে আলোচনায় এলেও এখন পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের সামনে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাচ অবশ্য ২৬ ওভারে নেমে এসেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৬ উইকেটে ১১৮ রান তুলেছে ভারত।