অধিনায়ক বদলালেও দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ভারতের

অস্ট্রেলিয়া সফরে গিয়ে মোটেও সুবিধা করতে পারছে না ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে এরই মধ্যে ওয়ানডে সিরিজ হেরেছেন শুবমান গিলরা। নতুন অধিনায়কের নেতৃত্বে ভারত যে শুধু প্রথম দুটি ম্যাচে হেরেছে, এমন নয়। ওই দুম্যাচে টস ভাগ্যও পক্ষে যায়নি ভারতের।

এমনকি আজ হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের টসও হেরেছেন গিল। তাতে টানা টস হারার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা বাড়তে বাড়তে ১৮-তে গিয়ে ঠেকেছে। অবস্থা এখন এমন যে, অধিনায়ক বদলালেও যেন টস ভাগ্য বদলাচ্ছে না ভারতের।

সম্ভবনার বিচারে টস যেকোনো দলের টস জেতার সুযোগ ১/২ বা ফিফটি-ফিফটি। কিন্তু ভারত সেখানে টানা ১৮ ওয়ানডেতে টস হেরেছে। সম্ভাবনার বিচারে যা মাত্র ০.০০০৩৮ শতাংশ। অর্থাৎ ভারতের সঙ্গে যা হয়েছে, সেটা ২ লাখ ৬২ হাজারে মাত্র একবার ঘটতে পারে।

ওয়ানডেতে ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ১৫ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড:

দল

টস হার সংখ্যা

হতে

পর্যন্ত

ভারত

১৮*

১৯ নভেম্বর, ২০২৩

বর্তমান

নেদারল্যান্ডস

১১

১৮ মার্চ, ২০১১

২৭ আগস্ট, ২০১৩

ইংল্যান্ড

২৭ জানুয়ারি, ২০২৩

১৩ সেপ্টেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্র

২৯ মে, ২০২২

১৩ আগস্ট, ২০২২

ইংল্যান্ড

২২ জানুয়ারি, ২০১৭

২৯ মে, ২০১৭

ওয়েস্ট ইন্ডিজ

১৩ অক্টোবর, ২০১১

১৬ মার্চ, ২০১২

অস্ট্রেলিয়া

৬ নভেম্বর, ১৯৯৮

২৪ জানুয়ারি, ১৯৯৯

 

এরপর থেকে টস ভাগ্য বিধাতা মুখ ফিরিয়ে নেয় ভারতের দিক থেকে। দুর্দশার শুরুটা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দিয়ে। আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শুধু টসই হারেনি ভারত, ট্রফিটাও হারিয়েছে।

সেই থেকে শুরু, একের পর এক ম্যাচে টস হারতে হারতে ওয়ানডেতে টানা টস হারের রেকর্ডে নেদারল্যান্ডকে (১১) মুক্তি দিয়ে রেকর্ডটা নিজের নামের পাশে নেয় ভারত। এরপর ক্রমাগত নিজেদের উচ্চতায় তুলছে দেশটি!

অধিনায়ক হিসেবেও বিব্রতকর রেকর্ডটা নিজের নামের পাশে যুক্ত করেন রোহিত। ছাড়িয়ে যান ৩১ অক্টোবর ১৯৯৮ থেকে ২১ মে ১৯৯৯ পর্যন্ত টানা ১২ টস হারা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারাকে। ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিত ভারতকে শেষবার নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে। ওই টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যখন টস হারল, রোহিতের নামের পাশে তখন টানা ১৫ টস হারের বিব্রতকর কীর্তি।

সেই ঘটনার সাত মাস পর আবারও ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারত। তবে এবার অধিনায়ক বদলিয়ে। রোহিতের জায়গায় শুবমান গিলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু নতুন অধিনায়কের নেতৃত্বেও দলটির টস ভাগ্য বদল হয়নি। গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরের প্রথম তিন ওয়ানডেতেই টস হারল ভারত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৩৩ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান তুলেছে।