মেয়েদের বিশ্বকাপের মুকুটহীন রাণী বনে গেছেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমে অজস্র রেকর্ডে নিজের নাম লেখালেও শিরোপা হাতছাড়া হয়েছে সাউথ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্টের। ভারতের কাছে ৫২ রানের হারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হলেও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন এই ডানহাতি ওপেনার।
বিশ্বকাপে ৯ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৫৭১ রান করেছেন লরা ওলভার্ট। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংসের পর গতকাল ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার।
বিশ্বকাপের এক আসরে সর্বাধিক রান সংগ্রাহক এখন ওলভার্ট। ৫৭১ রানের মাধ্যমে তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির রেকর্ড। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে হিলির করা ৫০৯ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক।
দুর্দান্ত ধারাবাহিকতায় ওলভার্ট এই টুর্নামেন্টে আরও দুটি রেকর্ড নিজের নামে তুলেছেন। তিনি এখন নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ৫০+ ইনিংসের (১৪টি) মালিক, ভারতের মিতালি রাজের ১৩ ইনিংসের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। সেই সঙ্গে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ৫০+ ইনিংসের রেকর্ডেও যৌথভাবে নিউজিল্যান্ডের ডেবি হকলি, অস্ট্রেলিয়ার এলিস পেরির পাশে নাম লিখিয়েছেন প্রোটিয়া এই ওপেনার।
বিশ্বকাপের ইতিহাসে শুধু রেকর্ড গড়ে থামেননি ওলভার্ট। প্রথম সাউথ আফ্রিকান নারী হিসেবে ৫,০০০ ওয়ানডে রানের কীর্তিও গড়েছেন। সেই সঙ্গে নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও ( ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯) তাঁর। অধিনায়ক হিসেবে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে শতরান করা প্রথম নারী ক্রিকেটারও তিনি।
শুধু ওয়ানডে বিশ্বকাপেই রেকর্ড গড়েননি ওলভার্ট। গেল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে করেছিলেন ২২৩ রান।