বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের বেতনের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেতন বেড়েছে নিগার সুলতানা জ্যোতিদের।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতন পেতেন। ৪০ হাজার টাকা বাড়িয়ে তাঁদের মাসিক বেতন করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আগে মাসে ১ লাখ টাকা করে পেলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাসিক বেতন পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন ৬০ হাজার টাকা পেলেও এখন মাসে ৮০ হাজার টাকা পাবেন।
নির্ধারিত বেতনের বাইরে অধিনায়কের জন্য মাসে ৩০ হাজার টাকা ও সহ-অধিনায়ককে মাসে ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।
১৫ নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে তালিকা প্রকাশ করেছে বিসিবি। ১ জুলাই থেকে কার্যকর হওয়া এ চুক্তির মেয়াদ এক বছর।
তালিকা অনুযায়ী, নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা তিন ক্রিকেটার হলেন- নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।
‘বি’ ক্যাটাগরিতে আছেন ছয়জন- ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার। চুক্তিবদ্ধ বাকি পাঁচজনকে ‘ডি’ ক্যাটাগরিতে রেখেছে বিসিবি। তাঁরা হলেন- সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা ও নিশিতা আক্তার নিশি।
উল্লেখ্য, চুক্তিবদ্ধ এ ১৫ ক্রিকেটারের বাইরে কেউ জাতীয় দলে সুযোগ পেলে তিনি মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।