আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের এ সিরিজের দলে জায়গা হয়নি শামীম হোসেন পাটোয়ারির।
অবশ্য ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না শামীমের। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বশেষ তিন ম্যাচে মোটে ২ রান (০, ১, ১) করেছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থতার পর প্রকাশ্যেই শামীমের সমালোচনা করেছিলেন লিটন। সে কারণে গুঞ্জন ছড়িয়েছিল, আয়ারল্যান্ড সিরিজে শামীমের বাদ পড়ার পেছনে অধিনায়ক লিটনের হাত থাকতে পারে।
তবে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে লিটন দাস জানালেন, শামীমকে বাদ দিয়েছেন নির্বাচকেরা। এমনকি দল নির্বাচনের সময় কাকে রাখা হবে, কে বাদ যাবে, সেটা তাঁকে জানানোই হয়নি!
আজ সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, 'এটা (শামীমকে বাদ দেওয়া) আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন। কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে, কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।’
একটা সিরিজ যে কারও খারাপ যেতেই পারে মনে করেন লিটন। সে কারণে শামীমের দল থেকে বাদ পড়ায় সন্তুষ্ট নন টি-টোয়েন্টি অধিনায়ক, ‘আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু আমি শামীমের বাদ হওয়ার পিছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও... আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।'
লিটন আরও জানান, নির্বাচক প্যানেল থেকে তাঁকে বলা হয়েছে, যে দলটি দেওয়া হবে, সেটা দিয়েই ভালো ফল এনে দিতে হবে। এ প্রসঙ্গে অনেকটা আক্ষেপের সুরে লিটন বলেছেন, 'আমাকে বলা হয়েছে নির্বাচক প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে, আমাকে যে দলটা দেয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। তাই আমার কোনো বলার কিছু থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই।’
লিটন আরও যোগ করেন, ‘এতদিন জানতাম যে, কেউ যখন অধিনায়ক হয়, তাঁর একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি কয়েক দিন আগেই জানতে পারলাম যে, যে দলটা আমাকে দেয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে ভালো কিছু দেয়া মাঠে।’