আই অ্যাম সরি ছাড়া কিছুই বলতে পারব না: লিটন

০, ১, ১- সর্বশেষ তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শামীম পাটোয়ারির রান। ব্যাট হাতে বাজে সময়ের বৃত্তে থাকা শামীম এবার দল থেকেও বাদ পড়েছেন। ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের জায়গা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে।

দল থেকে শামীমের বাদ পড়া নিয়ে অবশ্য নির্বাচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন লিটন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন, শামীমকে দল থেকে বাদ দিয়েছেন নির্বাচকেরা। এমনকি তাঁর সঙ্গে এটা নিয়ে আলোচনাও করেননি নির্বাচকেরা।

সংবাদ সম্মেলনে লিটন এটাও জানিয়েছেন, একটা সিরিজ কারও খারাপ গেলেই তাঁকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে নেই তিনি। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, শামীমকে সরি বলা ছাড়া আর কিছুই বলার নেই তাঁর।

সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আপনি প্রত্যেকটা খেলোয়াড়ের কাছে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে দলটাকে গোছানোর জন্য। হোয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে, দুই-তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেইখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্যও হতাশাজনক।'

শামীমের বাদ পড়া নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'অ্যাজ এ ক্যাপ্টেন আমিও, আই এম সরি ছাড়া আর কিছুই বলতে পারব না ওকে (শামীমকে। কারণ আমি আশা করি না কখনোই, ১৫জন প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাঁকে দুই-তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না, তাঁকে আমার ব্যাক (সুযোগ) দেওয়াটাও উচিত। আই এম রিয়েলি সরি যে, আমি তাঁকে ব্যাক দিতে পারি নাই।'