আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। এবারের নিলামের জন্য ভারতের বাইরে ১৪টি দেশ থেকে নাম নিবন্ধন করেছেন ক্রিকেটাররা। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৩৫৫ জন ক্রিকেটার নিলামে দল পাওয়ার আশায় নিবন্ধন করেছেন।
উল্লেখযোগ্য ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকবাজ। প্রকাশিত নামের তালিকায় থাকা দুই বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ভিত্তি মূল্য সম্পর্কে জানা গেছে। মোস্তাফিজ ২ কোটি ভিত্তি মূল্যে নাম লিখিয়েছেন, আর সাকিব নাম নিবন্ধন করেছেন ১ কোটি ভিত্তি মূল্যের ঘরে।
বাঁহাতি পেসার মোস্তাফিজ পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এ পর্যন্ত আইপিএলের সাত মৌসুমে খেলেছেন। সর্বশেষ ২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা গেছে তাঁকে।
অন্যদিকে আইপিএলে দুইটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুম খেলেছেন সাকিব। তবে বাঁহাতি এ অলরাউন্ডার শেষবার আইপিএলে কোনো ম্যাচ খেলেছেন ২০২১ আইপিএলে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ভারত ছাড়াও এবারের আইপিএলের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার। এমনকি মালয়েশিয়া থেকেও একজন খেলোয়াড় নিলামে নাম দিয়েছেন— ভারতীয় বংশোদ্ভূত ডানহাতি অলরাউন্ডার বিরানদীপ সিং, যার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
অস্ট্রেলিয়া থেকে ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথের মতো ক্রিকেটাররা নিলামে দল পাওয়ার আশায় থাকলেও অবিশ্বাস্যভাবে এবারে নিলামে নাম লেখাননি গ্লেন ম্যাক্সওয়েল। সর্বশেষ ২০২৫ আইপিএলের পর পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যানকে।
উল্লেখ্য, আইপিএলে ১০ ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখার শেষ সময় ছিল গত ১৫ নভেম্বর। খেলোয়াড় ধরে রাখা শেষে সবগুলো ফ্রাঞ্চাইজি মিলিয়ে আগামী ১৬ ডিসেম্বরের নিলামে ২৩৭.৫৫ কোটি রুপি খরচ করতে পারবে। সবচেয়ে বেশি ৬৪.৩০ কোটি রুপি বাজেট নিয়ে আবুধাবিতে যাবে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৪০ কোটি রুপি বাজেট আছে চেন্নাই সুপার কিংসের। নিবন্ধনের জন্য ১৩৫৫ জন নাম লেখালেও স্লট খালি আছে মোটে ৭৭টি। এর মধ্যে ৩১টি স্লট বিদেশি খেলোয়াড়দের জন্য!