আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম সংস্করণ। এর দুদিন আগে ঢাকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বিপিএল গভর্নিং কমিটি ও বিসিবির। তবে নিরাপত্তাজনিত কারণে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। গত বুধবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।
ওই বিবৃতির তিন দিনের মাথায় আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি। বড় পরিসরে না হলেও বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে ঢাকায় নয়, বিপিএল শুরুর দিনে সিলেটে ‘ছোট পরিসরে’ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রথম দিনের ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
আগের সূচি অনুযায়ী, সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। সে ম্যাচটি পিছিয়ে তিনটায় নেওয়া হয়েছে। দুই ইনিংসের মাঝে বিরতি রাখা হয়েছে ২০ মিনিট।
একইভাবে পরিবর্তিত সূচিতে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ইভেন্ট-পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানের কারণে সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে। তা ঠিক কোন সময় উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেটা উল্লেখ করেনি বিসিবি।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্ব। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএল হবে চট্টগ্রামে। ১৫ জানুয়ারি বিপিএলের ঢাকা পর্ব শুরু হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ২৩ জানুয়ারি।