সহজ ম্যাচ কঠিন করার পর ঢাকাকে জেতালেন সাব্বির

নিজেদের প্রথম ম্যাচে ১৩৩ রানের সহজ লক্ষ্যে নেমে মাঝ ওভারে ধীর গতির ক্রিকেট খেলে শেষ দিকে ম্যাচ কঠিন করে ফেলে ঢাকা ক্যাপিটালস। শেষ ৫ ওভারে সমীকরণ দাঁড়ায় ৪৩ রানের, হাতে ৫ উইকেট। ক্রিজে তখন দুই নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান ও শামীম হোসেন। রাজশাহী ম্যাচে ফেরার স্বপ্ন দেখলেও সাব্বিরের ১ চার ও ২ ছক্কায় ১০ বলে ২১ রানের ক্যামিওতে ৭ বল আগেই জিতে যায় ঢাকা ক্যাপিটালস।  

লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতেই ওপেনার সাইফ হাসানকে হারায় ঢাকা ক্যাপিটালস। ১ রান (৪বল) করে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। দলীয়  ৫ রানে প্রথম উইকেট হারানো ঢাকার দ্বিতীয় উইকেটে হাল ধরেন ওপেনার উসমান খান ও আবদুল্লাহ আল মামুন। পাওয়ার প্লেতে এ দুজনের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল ঢাকা। 

তবে ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার উসমান খান ১৫ বলে ১৮ রান করে মোহাম্মদ নওয়াজের স্পিনে ক্যাচ দিয়ে ফেরেন। ৪২ রানে দ্বিতীয় উইকেট হারানো ঢাকার এক প্রান্ত আগলে রেখে ইনিংসের গতি বাড়াতে থাকেন বাঁহাতি ব্যাটসম্যান আবদুল্লাহ আল মামুন। 

তবে অপর প্রান্ত থেকে তেমন সঙ্গ পাননি তিনি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলে ১২ রান দশম ওভারে সান্দীপ লামিচানের স্পিনে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন। 

৬৪ রানে ৩ উইকেট হারালেও এক প্রান্ত থেকে ঢাকার রানের গতি এগিয়ে নিচ্ছিলেন মামুন। তবে ১৪তম ওভারে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ৩৯ বলে ৪৫ রান করে মোহাম্মদ নওয়াজের স্পিনে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি। 

৮৫ রানে চতুর্থ উইকেট হারানো ঢাকা এক শ রান পার করার আগে আরও এক উইকেট হারায়। ২২ বলে ১৯ রান করে নওয়াজের স্পিনে ফিরেন নাসির হোসেন। 

শেষ দিকে ঢাকার সমীকরণ দাঁড়ায় ৫ ওভারে ৪৩ রান, তখন ক্রিজে সাব্বির রহমান ও শামীম হোসেন। তখনও ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে সাব্বির রহমানের ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস ও শামীম হোসেনের ১৩ বলে ১৭ রানে ৭ বল আগেই ম্যাচ ৫ উইকেট জিতে নেয় ঢাকা ক্যাপিটালস। 

গতকাল নিজেদের প্রথম ম্যাচে ১৯১ রান তাড়া করতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে দারুণ জয় পাওয়া রাজশাহী আজ মুদ্রার উল্টো পিঠ দেখেছে। আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে বড় ছন্দপতন দেখেছে রাজশাহী। 

ইমাদ ওয়াসিমের স্পিনে ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো রাজশাহী পুরো ইনিংসে নিজেদের ছন্দে ফিরতে পারেনি। অধিনায়ক শান্ত মাঝ ওভারে ৩৭ রান করে বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও বাকিদের ব্যাটিং ব্যর্থতায় রানের গতি আর বাড়েনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে মাত্র ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী। ঢাকার হয়ে ৩টি উইকেট নেন ইমাদ ওয়াসিম।