আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতে ম্যাচ না খেলার দাবিতে অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি সমাধানের জন্য আইসিসি প্রতিনিধি দল ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করলেও অচলাবস্থা কাটেনি।
বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে কি না, সেটা ঠিক না হলেও একে একে প্রতিপক্ষরা প্রস্তুত হচ্ছে। বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। ওই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
এর মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের দল দিয়েছে গত ৩০ ডিসেম্বর। সপ্তাহখানেক পর দল ঘোষণা করে নেপাল। এবার দল ঘোষণা করেছে আরেক প্রতিপক্ষ- ইতালি। সাউথ আফ্রিকার সাবেক হকি খেলোয়াড় ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে ইউরোপের দেশটি।
ইতালি এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করা দলটির বাছাইপর্বে অধিনায়ক ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জো বার্নস। তবে গত বছরের শেষ দিকে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় ইতালির ক্রিকেট ফেডারেশন। এমনকি জো বার্নসকে স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়।
তখনই ইতালির ফেডারেশন ঘোষণা করেছিল, বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দেবেন ওয়েন ম্যাডসেন। সেই ঘোষণা অনুযায়ী, ২০০৬ হকি বিশ্বকাপে সাউথ আফ্রিকার প্রতিনিধিত্ব করা ম্যাডসেনকে অধিনায়ক করেই দল দিয়েছে ইতালি।
শুধু ম্যাডসেন নন, এক সময় সাউথ আফ্রিকার জার্সিতে খেলা ক্রিকেটার জেজে স্মাটসও আছেন দলে। এছাড়া জায়গা পেয়েছেন দুই জোড়া ভাই- হ্যারি ও বেঞ্জামিন মানেন্তি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা।
উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি কোলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা ইতালির। ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হয়ে আবার কোলকাতায় ফিরতে তারা। সেখানে ১৬ ও ১৯ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ইতালি।