আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থাকবে, নাকি বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হবে বৈশ্বিক এ টুর্নামেন্ট? এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বুধবার বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা আইসিসির। এ বৈঠকের ঠিক একদিন আগে, গতকাল মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেই চিঠিতে পিসিবি উল্লেখ করেছে, প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে অনড় অবস্থান নিয়েছে, সেই অবস্থানকে পূর্ণ সমর্থন করে পিসিবি। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানানো এ চিঠি আইসিসির সব বোর্ড সদস্যের কাছেই পাঠিয়েছে পিসিবি। আজ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো।
প্রতিবেদনে ক্রিকইনফো উল্লেখ করেছে, বাংলাদেশকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বোর্ড সদস্যদের নিয়ে আজ বৈঠক করার কথা আইসিসির। এই বোর্ড সভা আহ্বানের পেছনে পিসিবির চিঠির কোনো ভূমিকা আছে কিনা, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
ক্রিকইনফো আরও জানিয়েছে, বৈঠকের আগের দিন পিসিবির চিঠি নিয়ে নানান প্রশ্ন উঠলেও এতে আইসিসির অবস্থানে তেমন প্রভাব পড়বে না। বাংলাদেশ যেমন ভারতে বিশ্বকাপ না খেলতে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে আছে, তেমনি আইসিসিও বিশ্বকাপ সূচি পরিবর্তন না করার পক্ষে অবস্থান নিয়েছে। বিসিবির সঙ্গে আগের দুই বৈঠকেও আইসিসি এই স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে, এমনটাই উল্লেখ করেছে ক্রিকইনফো।
উল্লেখ্য, বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে এই অচলাবস্থা শুরু হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি সমাধান করতে বিসিবির সঙ্গে একবার ভাচুর্য়াল বৈঠক করার পর সরাসরি বৈঠক করতে ঢাকায়ও এসেছিল আইসিসির প্রতিনিধি দল। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি।
এর আগে ক্রিকইনফো এক প্রতিবেদেনে জানিয়েছিল, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় কিনা, বিসিবিকে সেই সিদ্ধান্ত নিতে আজ বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। বিসিবি অবশ্য পরে জানিয়েছে, আইসিসি থেকে এমন কোনো আলটিমেটাম দেওয়া হয়নি।
এ নিয়ে দোলচাল চলার মধ্যেই ঘটনায় জড়িয়ে পড়ে পাকিস্তান। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে খবর বের হয়, বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে পাকিস্তান। এমনকি বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারলে নিজেদের বিশ্বকাপ খেলার বিষয়টাও আবার চিন্তা করবে পিসিবি, এমন সংবাদও বের হয়। পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজ মাঝে জানায়, বাংলাদেশের বিষয়টি সমাধান না হওয়ায় বিশ্বকাপের সব রকমের প্রস্তুতি বন্ধ রেখেছে পাকিস্তান। একই দিনে গালফ নিউজ জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ সুযোগ না পেলেও বৈশ্বিক টুর্নামেন্ট বয়কটের কথা ভাবছে না পাকিস্তান।
এমন পাল্টাপাল্টি খবরের মধ্যেই আজ আইসিসিকে পিসিবির চিঠি দেওয়ার খরব জানাল ক্রিকইনফো। দেখা যাক, শেষ পর্যন্ত এ চিঠি আইসিসির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে কিনা!