ভারতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আইসিসির দুই দফা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় গত বুধবার বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক আয়োজন করে আইসিসি। ওই বৈঠকে ভোটাভুটির পর বিসিবিকে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে চাইলে ভারতে গিয়েই খেলতে হবে। আর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিল আইসিসি।
তবে আইসিসির আলটিমেটাম পেলেও আগের অবস্থানেই অনড় বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে, আইসিসির সিদ্ধান্ত বদলাতে এরই মধ্যে আইসিসির ডিসপিউট রেজল্যুশন কমিটি (ডিআরসি)-তে চিঠি দিয়েছে বিসিবি। এনডিটিভি দাবি করছে, বাংলাদেশের সে আবেদন কার্যত বাতিল হতে চলছে। কারণ হিসেবে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, বিষয়টি ডিআরসির এখতিয়ারের বাইরে।
এর বাইরে পিটিআই আরও জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসির বোর্ড সদস্যরা। বিশেষ করে আইসিসির অনুমতি না নিয়ে সংবাদ সম্মেলন করায় বিসিবি সভাপতির ওপর অসন্তুষ্ট তারা, এমনটাই জানিয়েছে পিটিআই।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিসিবি সূত্র পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, বিসিবি আইসিসির ডিআরসির কাছে গেছে, কারণ তারা সব সম্ভাব্য পথ ব্যবহার করতে চায়। যদি ডিআরসি বিসিবির বিপক্ষে রায় দেয়, তাহলে একমাত্র যে সংস্থার কাছে যাওয়ার সুযোগ থাকবে, সেটা সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।’
ডিআরসির ডিআরসির টার্মস অব রেফারেন্সের ধারা ১.৩–এ বলা হয়েছে, ‘এই কমিটি আইসিসি বোর্ড বা আইসিসির কোনো সিদ্ধান্তগ্রহণকারী সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে না।'
আইসিসি বোর্ডের এক সূত্র পিটিআইকে বলেছেন, বাংলাদেশ ডিআরসির কাছে যেতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী এই মামলা শোনারই সুযোগ নেই, কারণ বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার ডিআরসির নেই।’
পিটিআইকে ওই সূত্র আরও জানিয়েছেন, 'আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ। আইসিসিকে আগে না জানিয়ে কেন সংবাদ সম্মেলন করা হলো, সেটাই তাদের প্রশ্ন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে চোখে অপ্রাসঙ্গিক ব্যক্তি হওয়ায় তার বক্তব্য আইসিসির এখতিয়ারের বাইরে হলেও বুলবুলের এমনটা করা উচিত হয়নি বলে মনে করেন তারা।'