২০ দলের অংশগ্রহণে ৫৫টি ম্যাচ- আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সারসংক্ষেপ এটাই। এই ৫৫টি ম্যাচের মধ্যে ৪০টি গ্রুপপর্বের। আর গ্রুপপর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কোনটা? কোনো ধরনের দ্বিধা ছাড়াই ভারত-পাকিস্তান ম্যাচের কথা বলে দেওয়া যায়।
তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান আলী আঘারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি খেলবে না। পাকিস্তানের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এরইমধ্যে সতর্কবার্তা দিয়েছে আইসিসি। এমনকি দেশটির ওপর নানান শাস্তিও আসতে পারে।
তা শুধু কি পাকিস্তানই শাস্তির মুখে পড়বে? আইসিসি কি ক্ষতির মুখে পড়বে না? এক কথায় বলতে গেলে, বড় ধরনের আর্থিক ক্ষতি হবে আইসিসিরও। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে স্বত্ব ও স্পনসরশিপ থেকে যাওয়া বিপুল পরিমাণ রাজস্ব হারাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুধু বিজ্ঞাপন থেকেই ২০০ কোটি রুপির বেশি রাজস্ব ক্ষতি হতে পারে আইসিসির।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত ভারতের আন্তর্জাতিক ম্যাচের মূল্য ১০ থেকে ১১ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসেবে যা প্রায় ১০০ কোটি রুপি। কিন্তু ভারতের ম্যাচটা যখন পাকিস্তানের বিপক্ষে হয়, এর আর্থিক মূল্য দ্বিগুণ হয়ে যায়। কখনো কখনো দ্বিগুণের চেয়েও বেশি হতে পারে। সেক্ষেত্রে কমপক্ষে ২০০ কোটি রুপির বেশি ক্ষতি হওয়ার শঙ্কার কথা জানিয়েছে ক্রিকবাজ।
আরেক ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বিষয়টি আরও ব্যাখ্যা করেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ সুযোগ নিয়ে ক্রমাগত মিডিয়া স্বত্ব বাড়িয়েছে আইসিসি। আর এ নিয়ে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও-হটস্টার ও আইসিসির মধ্যে কিছুটা অসন্তোষ ছিল। সম্প্রচারকারী প্রতিষ্ঠানটির মতে, এত মিডিয়া স্বত্ব মূল্য কিছুটা বাড়াবাড়ি। এর মধ্যে যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয়, আইসিসির কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে সম্প্রচারকারী প্রতিষ্ঠান।
তা ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন বাবদ কত ক্ষতি হতে পারে? এর আগে সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম ছিল ১২ লাখ রুপিরও বেশি। এবার সেটি দ্বিগুণের বেশি হতে পারে বলে ধারণা করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরেক ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের মূল্য ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্তও হতে পারে। সেক্ষেত্রে শুধু বিজ্ঞাপন বাবদই ২০০ কোটি রুপির বেশি রাজস্ব ক্ষতি হতে পারে।